বিয়ের প্রলোভন ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হওয়ার পরদিনই জামিন পেয়েছেন বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ আপসের শর্তে তার এই জামিন মঞ্জুর করেন। তবে আদালত থেকে মুক্ত হয়েই ফের নিজের ‘বেপরোয়া’ আচরণের কারণে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

জামিন পরবর্তী সময়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নোবেল নিজের ভুল স্বীকার করলেও তার বক্তব্যে ছিল আত্মবিশ্বাসের ছাপ। তিনি বলেন, “আমার দর্শক-শ্রোতারা আমাকে ভালো করে বোঝে, আমি হালকা পাগলা পাগলা আছি। তারা আমাকে ক্ষমা করে দেবে। মানুষ মাত্রই ভুল। আমারও ভুল হয়েছে। আবারও হইতে পারে।” তার এমন মন্তব্যে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মামলার এজাহার ও বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন নোবেল। অভিযোগ রয়েছে, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর কাছ থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এই ঘটনায় গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী নারী মামলা দায়ের করলে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

পিবিআইয়ের তদন্তে প্রতারণার সত্যতা মেলায় গত ২ ফেব্রুয়ারি নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই জালিয়াতিতে নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং মাসুদ রানা তাকে সহযোগিতা করেছেন।