ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে, সোনম কাপুর বর্তমানে গর্ভাবস্থার শেষ পর্যায়ে রয়েছেন। চলতি বছরের বসন্তেই তার ঘরে নতুন অতিথির আগমনের সম্ভাবনা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে আলোকচিত্রীদের মুখোমুখি হন সোনম। এ সময় এক সংবাদকর্মী তার স্বাস্থ্যের খোঁজ নিলে হাসিমুখে তিনি বলেন, “আমি খুব ভালো আছি, আপনাদের অনেক ধন্যবাদ।”

সাধারণত গর্ভাবস্থায় তারকারা জনসমাগম এড়িয়ে চললেও সোনমের এমন স্বাভাবিক ও সৌজন্যপূর্ণ আচরণ সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালে সোনম কাপুর ও আনন্দ আহুজা দম্পতির প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। বর্তমানে তিন বছর বয়সী বায়ুর সঙ্গে পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে দিন গুনছে কাপুর ও আহুজা পরিবার। ৪০ বছর বয়সে দ্বিতীয়বার মাতৃত্বের এই অধ্যায় নিয়ে সোনম বেশ ইতিবাচক। আপাতত তিনি মুম্বাইয়ে তার বাবা অভিনেতা অনিল কাপুরের বাড়িতেই অবস্থান করছেন।