বয়স ৩৯ ছুঁইছুঁই হলেও রূপ-লাবণ্য আর শরীরী হিল্লোলে এখনো পঁচিশের তরুণীর মতো মুগ্ধতা ছড়ান ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দীর্ঘ ২৯ বছরের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দেওয়া এই নায়িকা এবার পর্দায় ফিরছেন তাঁর আলোচিত ও ভিন্নধর্মী এক চরিত্র নিয়ে। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর পর্দায় ফের ‘ঠাকুমা’ চরিত্রে দেখা যাবে তাঁকে।
প্রতিবেদনে জানানো হয়, বুধবার (৩০ সেপ্টেম্বর) কলকাতায় আয়োজিত হইচই-এর এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে লাল গাউনে গ্ল্যামারাস লুকে উপস্থিত হন শ্রাবন্তী। সেখান থেকেই মেলে তাঁর নতুন সিজনের কাজের অফিসিয়াল খবর। চলতি বছরের মার্চে মুক্তি পাওয়া রূপকথার সিরিজ ‘ঠাকুমার ঝুলি’-তে প্রথমবার ‘ঠাকুমা’ হিসেবে হাজির হয়ে দর্শক ও সমালোচকদের চমকে দিয়েছিলেন তিনি। প্রথম সিজনের দারুণ সাফল্যের পর এবার আসছে সিরিজটির নতুন মৌসুম।
তবে এবার সিরিজের পরিচালনায় এসেছে পরিবর্তন। অয়ন চক্রবর্তীর পরিবর্তে নতুন সিজনটি পরিচালনা করবেন জয়দীপ মুখার্জি। এতে আগের মতোই নাতনির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় মুখ দিব্যাণী মণ্ডল। প্রথম সিজনে শক্তিমান অভিনেতা রাহুল ব্যানার্জিও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। তবে সম্প্রতি তাঁর প্রয়াণের কারণে নতুন সিজনে আর তাঁকে দেখা যাবে না, যা নিয়ে দর্শক ও টিমের মনে কিছুটা বিষাদের ছায়াও রয়েছে। সব মিলিয়ে টলিউডের সহকর্মীদের নিয়ে হইচই-এর এই আয়োজন ও কাজের ধারাবাহিকতায় দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন শ্রাবন্তী।