বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা ও ভারতীয় জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির বৈবাহিক জীবনের টানাপোড়েন ও বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন ফের নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি এক পডকাস্টে সৃজিতের দেওয়া মন্তব্য ও ইঙ্গিতে অনেকেই ধরে নিচ্ছেন, দুই বাংলার এই আলোচিত জুটির বিচ্ছেদ এখন কেবলই আনুষ্ঠানিকতার বিষয়। 

‘স্ট্রেইট আপ উইথ শ্রী’ নামক পডকাস্টে উপস্থিত হয়ে ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন সৃজিত। সঞ্চালক তাঁর কাছে ‘স্থায়ী সম্পর্কের’ অভাব বোধ করেন কিনা জানতে চাইলে কিছুটা বিমর্ষ কণ্ঠে সৃজিত জানান, কখনো কখনো তিনি একাকিত্ব অনুভব করেন, আবার কখনো কাজ, ক্রিকেট, গান আর বন্ধুদের মাঝেই নিজেকে ব্যাস্ত রাখেন। আলাপে মিথিলার নাম সরাসরি না আনলেও বর্তমান সময়ে ‘স্থায়ী সম্পর্ক’ না থাকার আফসোসকে ভক্ত ও নেটিজেনরা তাঁদের বিচ্ছেদের স্পষ্ট বার্তা হিসেবেই দেখছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সৃজিত ও মিথিলা। গত সাত বছরে দুজনকে একসঙ্গে খুব একটা দেখা না যাওয়া এবং আলাদা থাকা নিয়ে একাধিকবার তাঁদের বিচ্ছেদের গুজব রটেছে। এছাড়া টলিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে অতীতে সম্পর্কের প্রসঙ্গ টেনে সৃজিত জানান, জীবন একটা চলন্ত ট্রেনের মতো যেখানে অনেকে নির্দিষ্ট কিছু স্টেশন পর নেমে যায়, সুস্মিতাও তেমনই নেমে গিয়ে অন্য পথ ধরেছে।