টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী মিথিলার দাম্পত্য নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এবার নাম না নিয়েই নিজের জীবনে স্থায়ী সঙ্গীর অভাবের কথা জানালেন সৃজিত। পশ্চিমবঙ্গের টকশো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’তে উপস্থিত হয়ে নিজের অতীত সম্পর্ক, সাবেকদের সঙ্গে বন্ধুত্ব ও একাকিত্ব নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে সৃজিত জানান, জীবনের এই পর্যায়ে এসে তিনি একটি ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাব অনুভব করেন।
২০১৯ সালে সৃজিত ও মিথিলার বিয়ে হয়। এরপর থেকেই তাদের দাম্পত্য নিয়ে নানা সময়ে আলোচনা ও বিচ্ছেদের গুঞ্জন শোনা গেছে। তবে এবার সরাসরি মিথিলার প্রসঙ্গ না উঠলেও নিজের জীবনে কোনো স্থায়ী সঙ্গী নেই বলে জানান পরিচালক। তার এই মন্তব্য নতুন করে দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা উসকে দিয়েছে।
এদিকে সাবেকদের প্রসঙ্গেও কথা বলেন সৃজিত। স্বস্তিকা মুখোপাধ্যায় কিংবা ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ রয়েছে বলে জানান তিনি।
সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে অতীতের ঘনিষ্ঠতার প্রসঙ্গে সৃজিত বলেন, ‘সব সম্পর্কের লেবেল হয় না। ও আমার খুব ঘনিষ্ঠ ছিল, আমরা এক্সট্রিমলি ক্লোজ ছিলাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ঘনিষ্ঠতা মুছে গিয়েছে, এখন আর আমরা অতটা ক্লোজ নই। তবে একে অপরের শুভাকাঙ্ক্ষী।’
জীবনকে একটি যাত্রার সঙ্গে তুলনা করে তিনি আরও বলেন, ‘আসলে জীবন একটা জার্নি, অনেকে ট্রেন থেকে কয়েকটা স্টেশন পর নেমে যায়। সুস্মিতাও নেমে গিয়েছে, হয়তো অন্য কোনও ট্রেন ধরেছে।’