দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা সুরিয়া অভিনীত নতুন ক্রাইম কমেডি সিনেমা ‘সিন’ বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে। চলতি বছরে মুক্তি পাওয়া তাঁর আগের দুটি সিনেমা ‘কারুপ্পু’ ও ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’-এর সাফল্যের পর, জিথু মাধবন পরিচালিত এই ছবিটিও দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। মুক্তির মাত্র আট দিনের মাথায় বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় ছাড়িয়ে গেছে ২১১ কোটি রুপি।

বক্স অফিস বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, মুক্তির অষ্টম দিনে ভারতের বাজারে ছবিটি প্রায় ৬ কোটি রুপি সংগ্রহ করেছে। এর ফলে দেশটিতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১১৭ কোটি ৭০ লাখ রুপি এবং গ্রস আয় ১৩৬ কোটি ৭০ লাখ রুপি। তামিল ও তেলুগু সংস্করণে মুক্তি পাওয়া এই সিনেমায় সুরিয়াকে একজন দৃষ্টিশক্তি হ্রাসের শিকার পুলিশ কর্মকর্তা ডিএসপি ইনবারাজের চরিত্রে দেখা গেছে। ছবিতে তাঁর অভিনয় এবং টানটান উত্তেজনার গল্প দর্শকদের বেশ আকৃষ্ট করেছে।