ভ্যারাইটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, হলিউড তারকা এমিলি ব্লান্টের একটি ক্যামিও দৃশ্য ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা টু’ থেকে শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছে। শুটিং সম্পন্ন হলেও চূড়ান্ত সম্পাদনার সময় সেটি ব্যবহার করা হয়নি।

প্রথম সিনেমায় এমিলি চার্লটন চরিত্রে তাকে একজন সাধারণ কর্মী হিসেবে দেখা গেলেও সিক্যুয়েলে তার ক্যারিয়ারে বড় পরিবর্তন দেখানো হয়েছে। নতুন কাহিনিতে তিনি এখন বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ‘ডিওর’-এর আমেরিকান অঞ্চলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরীক্ষামূলক প্রদর্শনীতে দর্শকদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করে নির্মাতারা কিছু দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। তাদের মতে, ওই ক্যামিও অংশগুলো মূল গল্পের সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ ছিল না।

শুধু সিডনি সুইনির দৃশ্যই নয়, অভিনেতা কনরাড রিকামোরার একটি অংশও সিনেমা থেকে বাদ পড়েছে। সেখানে তাকে মূল চরিত্র অ্যান্ডি (অ্যান হ্যাথাওয়ে)-এর রুমমেট হিসেবে দেখানো হয়েছিল। তবে দর্শকদের কাছে এই উপস্থাপনাটি অপ্রয়োজনীয় মনে হওয়ায় তা শেষ পর্যন্ত সরিয়ে ফেলা হয়।

তবে ছবিটিতে এখনো একাধিক তারকার ক্যামিও রয়েছে। মার্কিন পপ তারকা লেডি গাগা এতে অভিনয়ের পাশাপাশি সাউন্ডট্র্যাকের জন্য একটি গানও রেকর্ড করেছেন। এছাড়া ডোনাটেলা ভারসাচে মিলানে একটি দৃশ্যে ক্যামিও করেছেন এবং সুপারমডেল নাওমি ক্যাম্পবেলকে দেখা যাবে মিলান ফ্যাশন উইককে কেন্দ্র করে ধারণ করা একটি দৃশ্যে।

ডেভিড ফ্র্যাঙ্কেল পরিচালিত এবং অ্যালাইন ব্রোশ ম্যাককেনা রচিত এই ছবিতে আবারও ফিরেছেন অ্যান হ্যাথাওয়ে এবং মেরিল স্ট্রিপ। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম কিস্তিটি সমালোচকদের প্রশংসার পাশাপাশি বাণিজ্যিকভাবেও সফল হয়েছিল। সম্প্রতি নিউইয়র্কে সিক্যুয়েলটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ মে বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।