আমেরিকান ড্রামা সিরিজ ‘ইউফোরিয়া’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি এবং খ্যাতনামা সংগীত প্রযোজক স্কুটার ব্রাউনকে নিউইয়র্কের ব্যস্ত টাইমস স্কয়ারে একসঙ্গে দেখা গেছে। ঝলমলে আলো আর হাজারো মানুষের ভিড়ের মাঝে তাঁদের এই উপস্থিতি নেটদুনিয়ায় নতুন করে প্রেমের গুঞ্জন উসকে দিয়েছে।

সম্প্রতি স্কুটার ব্রাউন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝরাতে টাইমস স্কয়ারে ঘোরার একটি ভিডিও প্রকাশ করেন। ক্যাপশনে রসিকতা করে তিনি লেখেন, "ধরুন আপনি এখন রাতে বিছানায় আছেন, আর আপনার সঙ্গী বললো আমি টাইমস স্কয়ারে যাইনি।" ভিডিওতে সিডনি সুইনিকে একটি নীল রঙের হুডি, জিন্স ও সানগ্লাসে দেখা যায় এবং স্কুটার ব্রাউন পরেছিলেন কালো ক্যাপ ও ধূসর হুডি। নিউইয়র্কের রাস্তায় দুজনকে সাইকেল চালাতে, চিজবার্গার খেতে এবং ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা ‘এম্পায়ার স্টেট অব মাইন্ড’ গানের সঙ্গে গলা মেলাতে দেখা গেছে। এছাড়া টাইমস স্কয়ারের একটি বিলবোর্ডে আমেরিকান ঈগলের ‘সিড ফর শর্ট’ প্রচারণায় নিজের অবয়ব দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সুইনি।

অন্যদিকে, ‘ইউফোরিয়া’র নতুন কিস্তিতে ‘ক্যাসি’ চরিত্রে অভিনয় করে সিডনি সুইনি বর্তমানে বেশ আলোচনায় রয়েছেন। সিরিজটির কিছু দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হলেও সমালোচনার জবাবে সুইনি পর্দার পেছনের ছবি শেয়ার করে লিখেছেন, ‘এর নামই অভিনয়।’ মার্কিন গণমাধ্যম পেজ সিক্সের একটি প্রতিবেদন অনুযায়ী, সুইনির এই বিতর্কিত দৃশ্যগুলো নিয়ে স্কুটার ব্রাউনের কোনো আপত্তি নেই। সূত্রের দাবি, ব্রাউন বিষয়টিকে সুইনির পেশাগত দায়িত্ব হিসেবেই দেখেন এবং তাঁদের সম্পর্ক যথেষ্ট দৃঢ়। তিনি সুইনির সাফল্যে গর্ববোধ করেন এবং ক্যারিয়ারের প্রতিটি পদক্ষেপে সমর্থন দিয়ে যাচ্ছেন।