বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসির রাজকীয় বিয়ে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা জুটি। বিয়ের রেশ কাটতে না কাটতেই জীবনের এই বিশেষ মুহূর্তটি নিয়ে মুখ খুলেছেন ট্রাভিস কেলসি।
ট্রাভিস কেলসি সম্প্রতি তাঁর স্ত্রী টেইলর সুইফটকে বিয়ের প্রস্তাব দেওয়ার সময়ের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। গত ৮ জুলাই ট্রাভিস ও তাঁর ভাই জেসন কেলসি তাঁদের অত্যন্ত জনপ্রিয় পডকাস্ট ‘নিউ হাইটস’-এর সিজন ফিনালে প্রকাশ করেন, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এনএফএল তারকা টম ব্র্যাডি।
সেখানেই ট্রাভিস জানান, তিনি মূলত ২০২৫ সালের ২৬ আগস্ট টেইলরকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। টেইলরের সঙ্গে তাঁদের পডকাস্টের একটি বিশেষ পর্ব রেকর্ড করার সময়ই তিনি এই সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা সাজান। ট্রাভিস বলেন, “নতুন সিজনের প্রথম পর্ব টেইলরকে দিয়ে শুরু করা ছিল দারুণ এক মুহূর্ত। তখনই আমি ঠিক করেছিলাম, রেকর্ডিং শেষে তাকে বিয়ের প্রস্তাব দেব। ওই মুহূর্তে আমার মাথায় কত কিছু যে ঘুরছিল!”
পুরো বিয়ের আয়োজনটি যেমন বিশাল ছিল, ঠিক তেমনি বজায় রাখা হয়েছিল কঠোর গোপনীয়তা। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনকে সম্পূর্ণ একটি মায়াবী বাগানের মতো সবুজের ছোঁয়ায় সাজানো হয়েছিল। ভ্যারাইটির তথ্য অনুযায়ী, আমন্ত্রিত অতিথিদের কাছে বিশেষ ওয়াটারমার্কযুক্ত ডিজিটাল আমন্ত্রণপত্র পাঠানোর পাশাপাশি একটি বিশেষ গোপনীয়তা রক্ষার চুক্তিপত্র (এনডিএ)-এ স্বাক্ষর নেওয়া হয়েছিল, যাতে বিয়ের কোনো তথ্য বাইরে প্রকাশ না পায়।
এই হাই-প্রোফাইল বিয়ের আসরে উপস্থিত ছিলেন এড শিরান, ব্র্যাডলি কুপার, জোয়ে ক্রাভিটজ, জিজি হাদিদ, হিউ গ্রান্ট, টম হ্যাঙ্কস এবং বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গের মতো তারকারা। বিয়ের পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে গান গেয়ে শোনান কিংবদন্তি ব্যান্ড ‘বিটলস’-এর সদস্য পল ম্যাককার্টনি এবং টেইলরের দীর্ঘদিনের বন্ধু সংগীতশিল্পী স্টিভি নিকস। জমকালো এই আয়োজনে অতিথিদের জন্য আনন্দঘন পরিবেশ ও বিভিন্ন খেলারও ব্যবস্থা রাখা হয়েছিল।