আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে ইতিহাস গড়ে চলেছে বাংলাদেশি চলচ্চিত্র। ভেনিস ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। যুক্তরাজ্যের এই মর্যাদাপূর্ণ উৎসবের ৭০তম আসরে ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’-এর মূল প্রতিযোগিতায় লড়বে সিনেমাটি। 

আন্তর্জাতিক বিনোদন মাধ্যম ভ্যারাইটির তথ্য অনুযায়ী, আগামী ৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭০তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের প্রধান পুরস্কারের জন্য মনোনীত বিশ্বসেরা ১০টি সিনেমার তালিকায় একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে ঠাঁই পেয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এর আগে ভেনিস ও টরন্টোর মতো বৈশ্বিক উৎসবেও প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অংশ নিয়ে নজর কেড়েছিল ছবিটি।

ঢাকার একটি ঐতিহ্যবাহী পার্লার ও তার সঙ্গে জড়িয়ে থাকা অতিপ্রাকৃত ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই মনস্তাত্ত্বিক হরর ছবিটি। বিয়ের প্রস্তুতি নিতে এসে এক তরুণীর একের পর এক অলৌকিক ও রহস্যময় ঘটনার মুখোমুখি হওয়ার গল্প ফুটে উঠেছে পর্দায়। সিনেমাটিতে নতুন মুখ জাইনীন করিমের পাশাপাশি অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। রুবাইয়াত হোসেনের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজনা সংস্থা।