একঘেয়েমি কাটাতে ধুন্ধুমার অ্যাকশন চলচ্চিত্রের বিকল্প কমই আছে। গল্পে বিশেষ কোনো নতুনত্ব না থাকলেও প্রায় পৌনে দুই ঘণ্টার পুরো সময়জুড়ে পর্দায় কেবলি মারামারি ও অ্যাকশনের ঝড় তুলে বিশ্বজুড়ে নজর কেড়েছে নতুন সিনেমা ‘দ্য ফিউরিয়াস’। আন্তর্জাতিক অ্যাকশন কোরিওগ্রাফার ও পরিচালক কেনজি তানিগাকির পরিচালনায় নির্মিত এই মার্শাল আর্ট ঘরানার সিনেমাটি নিয়ে ভাইব নিউজ-এর বিশেষ রিভিউ তুলে ধরা হলো।
১ ঘণ্টা ৫৩ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রের মূল গল্প গড়ে উঠেছে অপহৃত মেয়েকে উদ্ধারে এক কথা বলতে না পারা বাবার (ওয়াং ওয়ে) লড়াইকে কেন্দ্র করে। গল্পের প্লট অনেকটাই ক্লাসিক 'টেকেন' সিনেমার কথা মনে করিয়ে দিলেও পরিচালক এখানে দীর্ঘ সংলাপের ওপর নির্ভর না করে পুরোটাই অ্যাকশন ও স্টান্ট দিয়ে সাজিয়েছেন। জ্যাকি চ্যানের হংকং স্টাইলের কুংফু লড়াই দিয়ে শুরু হলেও গল্প এগোনোর সাথে সাথে প্রতিটি ফাইট সিকোয়েন্স আরও রক্তক্ষয়ী ও বিধ্বংসী রূপ নেয়।
সিনেমার সাউন্ড ডিজাইন, ড্রামাটিক ব্যাকগ্রাউন্ড স্কোর এবং নিখুঁত ক্যামেরা ওয়ার্ক দর্শককে প্রতিটি আঘাতের তীব্রতা সরাসরি অনুভূতির সুযোগ করে দেয়। বিশেষ করে গুদামঘরের বিশাল স্লেজহ্যামার লড়াই এবং ক্লাইমেক্সের আগে পুলিশ স্টেশনের দীর্ঘ ট্রিপল-অ্যাকশন সিকোয়েন্স দর্শককে একদম মন্ত্রমুগ্ধ করে রাখে। যেখানে উশু ও জুডোর চোখধাঁধানো কৌশল দেখা গেছে, যা জনপ্রিয় 'দ্য রেইড' ফ্র্যাঞ্চাইজির ধুমধাড়াক্কা অ্যাকশনের স্মৃতি ফিরিয়ে আনে।
সিনেমায় শি মিয়াও, জো তসলিম এবং ব্রায়ান লে-র দুর্দান্ত অভিনয় ও অ্যাথলেটিক দক্ষতা ছবিটিকে আরও প্রাণবন্ত করেছে। টানা অ্যাকশনের উত্তেজনা উপভোগ করতে যারা ভালোবাসেন, তাঁদের জন্য প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ‘দ্য ফিউরিয়াস’ হতে পারে দারুণ এক পছন্দের সিনেমা।