বাংলা নাটকের দর্শকদের কাছে ইউটিউব এখন অন্যতম জনপ্রিয় বিনোদনের মাধ্যম। প্রতি বছর অসংখ্য নাটক মুক্তি পেলেও কিছু নাটক দর্শকের হৃদয়ে এমনভাবে জায়গা করে নেয়, যা বছরের পর বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকে। দীর্ঘদিন ধরে ইউটিউবে সবচেয়ে বেশি দেখা বাংলা নাটকের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিল ‘বড় ছেলে’। তবে সময়ের সঙ্গে পাল্টেছে সেই অবস্থান। বর্তমানে নাটকটি দ্বিতীয় স্থান থেকেও নেমে এসেছে তৃতীয় স্থানে।

ইউটিউবে সর্বাধিক দেখা বাংলা নাটকের তালিকায় এখন শীর্ষে রয়েছে ‘শ্বশুরবাড়িতে ঈদ’। মহিন খান পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি এবং তারিক আনাম খান। গল্পে দেখা যায়, স্ত্রীকে নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে ঈদ করতে যাওয়া এক যুবকের নানা অভিজ্ঞতা। পারিবারিক সম্পর্ক, আত্মীয়স্বজনের সঙ্গে মজার ঘটনা এবং ছোটখাটো ভুল–বোঝাবুঝির মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনি। নাটকটি এখন পর্যন্ত প্রায় ৭৪ মিলিয়ন দর্শক দেখেছেন।

দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘মামার বাড়ি’। এটিও নির্মাণ করেছেন মহিন খান। নিলয় আলমগীর ও হিমির জুটিকে কেন্দ্র করে নির্মিত নাটকটির পটভূমি গ্রামীণ জীবন। পারিবারিক সম্পর্ক, জমিজমা নিয়ে দ্বন্দ্ব এবং হাস্যরসাত্মক নানা ঘটনার সমন্বয়ে নির্মিত এই নাটকটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নাটকটির দর্শকসংখ্যা বর্তমানে ৬১ মিলিয়ন।

একসময় ইউটিউবে বাংলা নাটকের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা নাটক ছিল ‘বড় ছেলে’। জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত নাটকটি এখন তৃতীয় স্থানে অবস্থান করছে। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই নাটকে মধ্যবিত্ত পরিবারের একজন বড় ছেলের দায়িত্ব, ত্যাগ এবং পরিবারের জন্য নিজের স্বপ্ন বিসর্জনের গল্প তুলে ধরা হয়েছে। আবেগঘন কাহিনি ও শক্তিশালী অভিনয়ের কারণে নাটকটি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। এখন পর্যন্ত নাটকটির ভিউ সংখ্যা প্রায় ৫৮ মিলিয়ন।

চতুর্থ স্থানে রয়েছে ‘সংসার আমার ভাল্লাগে না’। মহিন খান পরিচালিত এই নাটকেও অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি। সংসার করতে অনাগ্রহী এক তরুণের দাম্পত্য জীবনের নানা টানাপোড়েন ও হাস্যরসাত্মক পরিস্থিতি নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। বাস্তব জীবনের নানা অভিজ্ঞতার প্রতিফলন থাকায় দর্শকদের কাছেও নাটকটি ব্যাপক সাড়া ফেলেছে। নাটকটির দর্শকসংখ্যা প্রায় ৫৭ মিলিয়ন।

সর্বাধিক দেখা বাংলা নাটকের তালিকার পঞ্চম স্থানে রয়েছে ‘ভুলো না আমায়’। জাকারিয়া সৌখিন পরিচালিত এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। গ্রামীণ প্রেক্ষাপটে সম্পর্ক, প্রেম, বিচ্ছেদ এবং পারিবারিক আবেগকে কেন্দ্র করে নির্মিত নাটকটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। নাটকটি এখন পর্যন্ত প্রায় ৫৫ মিলিয়ন বার দেখা হয়েছে।

বাংলা নাটকের জনপ্রিয়তার এই তালিকা প্রমাণ করে, দর্শকরা এখনো পারিবারিক গল্প, আবেগ, হাস্যরস এবং বাস্তব জীবনের অভিজ্ঞতাভিত্তিক কাহিনির প্রতি গভীর আগ্রহ রাখেন। সময়ের সঙ্গে নতুন নাটক আসলেও এসব নাটক দর্শকের মনে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে।