অভিনয় ক্যারিয়ারে একের পর এক সাফল্য পেলেও নিজের নীতি ও ব্যক্তিগত মূল্যবোধের জায়গায় আপস করতে নারাজ টোটা রায়চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, হলিউডের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন।

টোটা জানান, সিনেমাটির চরিত্র তার পছন্দ হয়েছিল। তবে সেখানে একটি শয্যাদৃশ্য থাকায় নির্মাতাদের স্পষ্ট জানিয়ে দেন, দৃশ্যটি বাদ না দিলে তিনি কাজটি করবেন না। শেষ পর্যন্ত সেই প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেতা।

এর পেছনে অন্যতম কারণ তার স্ত্রী শর্মিলি রায়চৌধুরীর পছন্দ-অপছন্দ। টোটার ভাষ্য, তার স্ত্রী ঘনিষ্ঠ দৃশ্য পছন্দ করেন না এবং এমন দৃশ্য তাকে মনঃকষ্ট দেয়। তাই অভিনয়ের প্রয়োজনে সম্ভব হলেও স্ত্রীর অপছন্দের কোনো কাজ করতে চান না তিনি।

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেন না টোটা। তার মতে, পেশাগত ও ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতে পারার কারণেই সংসারজীবনে তিনি সুখী। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করলেও ব্যক্তিজীবনকে কখনো প্রচারের বিষয় বানাতে চান না।

১৯৯৬ সাল থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত টোটা রায়চৌধুরী। দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। ‘ফেলুদা’ চরিত্রে অভিনয় তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। পরে ‘শ্রীময়ী’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে অভিনয় করে আরও বিস্তৃত দর্শকপ্রিয়তা অর্জন করেন।

হিন্দি ও বাংলা দুই ইন্ডাস্ট্রিতেই বেছে বেছে কাজ করেন এই অভিনেতা। বড় চরিত্রের চেয়ে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রকে বেশি গুরুত্ব দেন তিনি। আগামী দশ বছর পূর্ণকালীন অভিনেতা হিসেবে কাজ করার পরিকল্পনা রয়েছে টোটার। এরপর অভিনয়ের পাশাপাশি যোগচর্চা ও আধ্যাত্মিকতা নিয়ে সময় কাটাতে চান তিনি।