ইতালির ভেনিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারের আসরে সেরা চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ জয় করে নিয়েছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ছবি ‘ওম্যান আননোন’। একই চলচ্চিত্রের মধ্য দিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কারও নিজের করে নিয়েছেন ম্যাথিল্ড আরসেল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি ‘ওম্যান আননোন’ সিনেমায় মারি নামের এক তরুণীর জীবন সংগ্রাম ও অতীতের গোপন সত্যের ছায়া ফুটিয়ে তুলেছেন মে এল-তুখি। অন্যদিকে, মার্টিন ম্যাকডোনার ‘ওয়াইল্ড হর্স নাইন’ সিনেমায় এক প্রবীণ সিআইএ এজেন্টের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন ৭২ বছর বয়সী হলিউড তারকা জন মালকোভিচ। তবে পুরস্কারের পাশাপাশি এবারের ভেনিস উৎসবের সবচেয়ে তীব্র রাজনৈতিক আলোচনার জন্ম দেয় গাজা সংঘাতকে কেন্দ্র করে নির্মিত ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র্যাচেল সোরের তথ্যচিত্র ‘নাজা’, যা জুরিদের বিশেষ পুরস্কারের পাশাপাশি দর্শকদের টানা ২৫ মিনিটের অভাবনীয় অভিবাদন পায়।
উৎসবের অন্যান্য শীর্ষ পুরস্কারের মধ্যে গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে দক্ষিণ কোরিয়ার নির্মাতা লি চ্যাং-দংয়ের ‘পসিবল লাভ’। এছাড়া ইলিয়া ক্রঝানভস্কি ‘দাও’ সিনেমার জন্য সেরা পরিচালক এবং ‘আ গুড লিটল সোলজার’-এর জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পান স্টেফান ব্রিজে, কোরালি আমেদেও ও অলিভিয়ের গর্স। ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিশ্ব চলচ্চিত্রের প্রাচীনতম এই আয়োজনে এবছর আজীবন সম্মাননা প্রদান করা হয় প্রখ্যাত তারকা জর্জ ক্লুনি ও এলেন বার্স্টিনকে।