জনপ্রিয় ইউটিউবার ও শিক্ষাবিদ নিতীশ রাজপুতকে ঘিরে এবার বড় চমক আসতে যাচ্ছে ভারতের বিনোদন জগতে। সাম্প্রতিক নানা গুঞ্জন অনুযায়ী, বিতর্কিত ও জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর নতুন মৌসুমে প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে এই কনটেন্ট ক্রিয়েটরকে। সামাজিক, রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে গবেষণাধর্মী ও নিরপেক্ষ ভিডিও বানিয়ে কোটি অনুরাগীর মন জয় করা নিতীশকে এবার একদম ভিন্ন এক পরিবেশে দেখতে পাবেন দর্শক।
এসএসসি (SSC) পরীক্ষা সংক্রান্ত কনটেন্ট ও এডুকুইটি টেকনোলজিসের সঙ্গে ২.৫ কোটি রুপির মানহানি মামলার জটিলতার কারণে সম্প্রতি আলোচনায় ছিলেন নিতীশ। তবে সব বিতর্ক এড়িয়ে সালমান খান সঞ্চালিত এই মেগা রিয়েলিটি শোতে তাঁর সম্ভাব্য অংশগ্রহণ ঘিরে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। প্রতিযোগী হিসেবে তাঁর উপস্থিতিতে শোটির টিআরপি এবং আলোচনার পারদ নতুন উচ্চতায় পৌঁছাবে বলে ধারণা করছেন তাঁর অনুরাগী ও বিনোদন বিশ্লেষকেরা।
সালমান খানের সঞ্চালনায় বহুল প্রতীক্ষিত ‘বিগ বস ২০’ আগামী ৬ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সম্প্রচারিত হতে যাচ্ছে। তবে বিগ বসের চার দেয়ালের ভেতরের চ্যালেঞ্জিং পরিবেশ এবং ২৪ ঘণ্টার নজরদারির মুখে এই যুক্তিবাদী কনটেন্ট ক্রিয়েটর কীভাবে নিজেকে টিকিয়ে রাখেন, তা দেখার জন্য মুখিয়ে আছেন তাঁর ভক্তরা।