প্রয়াত স্ত্রী ইকরার জন্মদিনে তাকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা জাহের আলভী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করে শূন্যতা, অনুশোচনা, অভিমান এবং একমাত্র সন্তান রিযিককে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কঠিন বাস্তবতার কথা তুলে ধরেছেন তিনি।
পোস্টের শুরুতেই ইকরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলভী লিখেছেন, ‘তুমি আবার প্রমাণ করে গেলে, একজন মৃত মানুষের ভ্যালু অনেকগুলো জীবিত মানুষের চেয়ে অনেক বেশি।’
স্ত্রীর অনুপস্থিতি তাকে প্রতিনিয়ত ভাবায় উল্লেখ করে আলভী লেখেন, ইকরা বেঁচে থাকলে হয়তো এই সময়ে তিনজন মিলে কেক কেটে জন্মদিন উদ্যাপন করতেন। জন্মদিনের বিশেষ এই দিনে স্ত্রীর কাছে কিছু বিষয়ে ক্ষমাও চেয়েছেন তিনি। তাদের বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে আলভী লিখেছেন, বন্ধুর কাছে সরি বলতেই পারেন তিনি।
ইকরাকে হারানোর পরও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন এই অভিনেতা। তবে তিন বেলা খাওয়া, গোসল করা, গান শোনা, হাসা, শুটিং করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করার মতো স্বাভাবিক কাজ নিয়েও তাকে প্রশ্নের মুখে পড়তে হয় বলে আক্ষেপ জানিয়েছেন তিনি।
আলভী লিখেছেন, ‘কেন তুমি চলে যাওয়াতে আমার জীবন থেমে যাচ্ছে না, কেন তুমি চলে যাওয়াতে আমার মুখে এখনো গান আসে, কেনই বা এখনো আমি ছবি আপলোড দেই, কেনই বা আমি শুটিং করে জীবিকা নির্বাহ করি।’
একই সঙ্গে একমাত্র সন্তান রিযিককে নিয়ে ভালো থাকার চেষ্টা এবং তাকে সুন্দর জীবন দেওয়ার দায়িত্বের কথাও তুলে ধরেছেন অভিনেতা। পরিবার ও সন্তানকে সামলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন জানিয়ে তিনি লেখেন, এ কারণে ইকরা অভিমান করে থাকলে যেন তাকে ক্ষমা করে দেন।
স্ত্রীর স্মৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করে আলভী জানান, নামাজের বিছানায় মোনাজাতের সময় ইকরা তার ভাবনায় থাকেন। পোস্টে তিনি লেখেন, ‘নামাযের বিছানায় মোনাজাতে তুমি আমার প্রথম সারিতেই থাকো। তুমি বেঁচে থাকবে আমার মধ্যে, আমার সন্তানের মা হয়ে। একশত একটা অভিমান তোমার প্রতি, তবুও কোনো ক্লেশ নেই। দেখা হবেই তোমার সাথে, মিস নাই। বাকি আড্ডা সেদিনের জন্য রেখে দিলাম। অভিমানটাও।’
পোস্টের শেষাংশে প্রয়াত স্ত্রীকে উদ্দেশ করে আলভী লেখেন, ‘যেখানেই থাকো, ভালো থাকো আর আমাদের দেখে রাইখো, বিশেষ করে আমাদের রিযিককে।’ পাশাপাশি ইকরার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার কথাও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যু আত্মহত্যা হিসেবে আলোচিত হয়। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় আলভীকে এক নম্বর আসামি করা হয়েছিল। কারাভোগের পর বর্তমানে জামিনে রয়েছেন এই অভিনেতা। একমাত্র ছেলে রিযিককে নিয়ে জীবন এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।