অশ্লীল কনটেন্ট তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জাম্বিয়ার বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর গেজিল ওয়ালকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দক্ষিণ আফ্রিকার এই দেশটির আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওর সূত্র ধরে তদন্ত চালিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হয়েছে।

জাম্বিয়ার সংবাদমাধ্যম এমউইবান্টুর প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ জুলাই ২৩ বছর বয়সী গেজিল ওয়ালকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, ২২ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে তিনি অন্য কয়েকজনের সঙ্গে মিলে একাধিক অশ্লীল ভিডিও তৈরিতে অংশ নেন এবং পরে সেগুলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ ও প্রচার করেন।

জাম্বিয়া পুলিশের মুখপাত্র গডফ্রে চিলবি জানান, ২৭ জুলাই বিষয়টি পুলিশ সার্ভিসের অ্যান্টি-সাইবার ক্রাইম ইউনিটের নজরে আসে। এরপর সাইবার সিকিউরিটি এজেন্সির সহায়তায় তদন্ত শুরু করা হয়। প্রাথমিক তদন্তে গেজিল ওয়ালের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় জড়িত আরও কয়েকজন বর্তমানে পলাতক রয়েছেন। তাদের অবস্থান শনাক্ত করতে অভিযান চলছে এবং দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

এরই মধ্যে গেজিল ওয়ালের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। আদালতে হাজির করার আগ পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় জনসাধারণকে সতর্ক করে পুলিশের মুখপাত্র গডফ্রে চিলবি বলেন, জাম্বিয়ার প্রচলিত আইন অনুযায়ী অশ্লীল কনটেন্ট তৈরি, সংরক্ষণ, প্রকাশ কিংবা প্রচার করা দণ্ডনীয় অপরাধ। তিনি সবাইকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।