হলিউড তারকা জেন্ডায়ার ব্যস্ত ক্যারিয়ারে যুক্ত হচ্ছে আরও একটি নতুন প্রজেক্ট। খ্যাতিমান নির্মাতা ও চিত্রনাট্যকার অ্যালেক্স গারল্যান্ডের নতুন সায়েন্স ফিকশন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘সিভিল ওয়ার’ ও ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার’-এর মতো আলোচিত কাজের সঙ্গে যুক্ত এই নির্মাতা নিজের মৌলিক চিত্রনাট্য থেকেই সাজাচ্ছেন নতুন সিনেমাটি।
তবে এখনো ছবিটির নাম, কাহিনি কিংবা জেন্ডায়ার চরিত্র সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি। সায়েন্স ফিকশনের জগতে গারল্যান্ডের নির্মাণশৈলী এবং জেন্ডায়ার অভিনয় কতটা নতুন মাত্রা যোগ করে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে।
নতুন সায়েন্স ফিকশন সিনেমার পাশাপাশি জেন্ডায়াকে ঘিরে দর্শকদের আগ্রহের আরেকটি বড় কারণ ‘ডুন: পার্ট থ্রি’। পরিচালক ডেনিস ভিলনেভের এই ফ্র্যাঞ্চাইজিতে চানি চরিত্রে ফিরছেন তিনি। পল অ্যাট্রেইডিসের ভূমিকায় থাকছেন টিমোথি শ্যালামে।
সিনেমাটি চলতি বছরের ১৮ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা রয়েছে। মুক্তির আগেই চানির চরিত্রে জেন্ডায়ার অভিনয় নিয়ে পুরস্কারের মৌসুমে আলোচনা শুরু হয়েছে। তবে অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে তাঁর মনোনয়ন পাওয়ার বিষয়টি এখনো জল্পনার পর্যায়ে রয়েছে। ছবিটি মুক্তির পর তাঁর অভিনয় কতটা প্রশংসা পায়, সেটিই এখন দেখার বিষয়।
চলতি বছর বিভিন্ন ধরনের চলচ্চিত্রে কাজের মাধ্যমে আলোচনায় রয়েছেন জেন্ডায়া। ‘দ্য ড্রামা’, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং ‘দ্য ওডিসি’র মতো ভিন্ন ঘরানার প্রজেক্টে তাঁর উপস্থিতি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি নির্মাতানির্ভর ও ভিন্নধর্মী কাজেও নিজের অভিনয়দক্ষতা তুলে ধরছেন এই অভিনেত্রী।
বড় পর্দার বাইরেও নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত হচ্ছেন জেন্ডায়া। জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘শ্রেক ৫’-এ শ্রেক ও ফিওনার মেয়ে ফেলিসিয়া চরিত্রে কণ্ঠ দেবেন তিনি। ছবিটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।
এ ছাড়া কিংবদন্তি সংগীতশিল্পী রনি স্পেক্টরের জীবন অবলম্বনে নির্মিতব্য ‘বি মাই বেবি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন জেন্ডায়া।
সায়েন্স ফিকশন, অ্যানিমেশন, সংগীতশিল্পীর জীবনীভিত্তিক সিনেমা কিংবা জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি, সব ক্ষেত্রেই নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন এই অভিনেত্রী। ফলে হলিউডে জেন্ডায়ার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে দর্শকদের প্রত্যাশাও বাড়ছে।