বলিউডের ইতিহাসের অন্যতম কাল্ট ক্লাসিক সিনেমা ‘থ্রি ইডিয়টস’ আবারও বড় পর্দায় ফিরছে? এমন খবরে উত্তাল সিনেমাপাড়া। দীর্ঘ ১৭ বছর পর এই ব্লকবাস্টার সিনেমার সিক্যুয়াল নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন খোদ ‘র্যাঞ্চো’ তথা আমির খান। রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমাটি মুক্তির দেড় দশক পার করলেও র্যাঞ্চো, ভাইরাস, চতুর, রাজু ও ফারহানের চরিত্রগুলো আজও দর্শকদের হৃদয়ে অমলিন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান নিশ্চিত করেছেন যে, ‘থ্রি ইডিয়টস ২’-এর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সিনেমার প্রাথমিক চিত্রনাট্য তাঁর বেশ পছন্দ হয়েছে বলেও জানান এই মেগাস্টার। তবে শুটিংয়ের সুনির্দিষ্ট সময় কিংবা মুক্তির তারিখ নিয়ে এখনই চূড়ান্ত কোনো ঘোষণা দিতে নারাজ তিনি। আমিরের ভাষ্যমতে, নতুন গল্পটি আগের মূল সুর বজায় রেখেই এগোবে, তবে সময়ের চাহিদায় এতে যোগ হবে সম্পূর্ণ নতুন কিছু মাত্রা। প্রথম কিস্তির মতোই এখানেও হাস্যরস, আবেগ ও প্রচলিত সমাজব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো দারুণ সব উপাদান থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিক্যুয়ালের গল্পটি মূল ছবির কাহিনী থেকে প্রায় ১০ বছর এগিয়ে থাকবে। ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো- আমির খানের পাশাপাশি আর. মাধবন, শারমান যোশি এবং কারিনা কাপুরকেও পুনরায় একসাথে বড় পর্দায় দেখা যাওয়ার জোরালো ইঙ্গিত মিলেছে। এই প্রজেক্টের গুরুত্ব বিবেচনা করে পরিচালক রাজকুমার হিরানি তাঁর অন্য একটি বায়োপিকের কাজ সাময়িকভাবে স্থগিত রেখেছেন। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হতে পারে।