বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান পর্দায় যতটা নিখুঁত, ব্যক্তিগত জীবনে নিজেকে ততটা নিখুঁত মনে করেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেছেন, জীবনের সবচেয়ে বড় ভুল ছিল পরিবার ও প্রিয়জনদের যথেষ্ট সময় না দেওয়া।
আমির খান জানান, দীর্ঘ তিন দশকেরও বেশি সময় তিনি কাজ এবং সিনেমা নিয়েই এত ব্যস্ত ছিলেন যে, পরিবারকে সময় দেওয়ার সুযোগই করে উঠতে পারেননি। বিশেষ করে কোভিড ১৯ মহামারির সময় তিনি এই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেন।
তার ভাষায়, হারিয়ে যাওয়া সেই মূল্যবান মুহূর্তগুলো আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। তাই এখন তিনি সচেতনভাবে আপনজনদের সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করছেন।
ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা। রীনা দত্ত ও কিরণ রাও এর সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে তিনি সম্পর্কে রয়েছেন গৌরী স্প্র্যাট এর সঙ্গে।
গৌরী সম্পর্কে আমির বলেন, তার সঙ্গে তিনি মানসিক শান্তি খুঁজে পেয়েছেন এবং জীবনে এক ধরনের পরিপূর্ণতা অনুভব করছেন। অতীতের সম্পর্কগুলো নিয়ে তার কোনো আক্ষেপ নেই বলেও জানান তিনি।
নিজের ভুল স্বীকার করতে দ্বিধা নেই উল্লেখ করে আমির খান বলেন, কেউই নিখুঁত নয়। বরং ভুল থেকে শিক্ষা নেওয়াই মানুষকে আরও পরিণত করে তোলে।