তৃতীয়বার বিয়ের পর নতুন বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেতা আমির খান। সম্প্রতি ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে মুম্বাইয়ের বাসভবনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন তিনি। বিয়ের অনুষ্ঠানে আমিরের দুই প্রাক্তন স্ত্রী এবং তিন সন্তানও উপস্থিত ছিলেন। তবে এই ব্যক্তিগত আয়োজনের কিছুদিনের মধ্যেই বিহারে তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বিহারের ফোর্বসগঞ্জে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের কর্মীরা আমির খানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা অভিনেতার কুশপুত্তলিকা দাহ করেন এবং তার বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তোলেন। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ও সরকারি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বিক্ষোভে বজরং দলের স্থানীয় নেতা মনোজ সোনি অভিযোগ করেন, আমির খান বারবার হিন্দু ধর্মাবলম্বী নারীদের বিয়ে করে হিন্দু সমাজকে অপমান করছেন। তাঁর দাবি, এটি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ এবং এর মাধ্যমে হিন্দু সমাজকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, কেন অভিনেতা মুসলিম নারীদের পরিবর্তে হিন্দু নারীদের জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন। মনোজ সোনির মতে, এ ধরনের ঘটনা সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং বিষয়টি আদালত ও সরকারের নজরে আনা প্রয়োজন।
অন্যদিকে, এই অভিযোগের বিষয়ে আমির খান বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ব্যক্তিগত জীবনে আমির খান প্রথম বিয়ে করেন ১৯৮৬ সালে রীনা দত্তকে। দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দিলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং বিভিন্ন পেশাগত প্রকল্পে এখনো একসঙ্গে কাজ করছেন।
সম্প্রতি আমিরের তৃতীয় স্ত্রী হিসেবে আলোচনায় আসা গৌরী স্প্র্যাটের পারিবারিক ও পেশাগত পরিচয়ও আগ্রহ তৈরি করেছে। জানা গেছে, গৌরীর মা তামিল এবং বাবা আইরিশ বংশোদ্ভূত। তাঁর দাদা ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা করেছেন গৌরী। পেশাগতভাবে তিনি একজন প্রশিক্ষিত হেয়ারড্রেসার। আগের সংসারে তাঁর একটি ছয় বছর বয়সী ছেলে রয়েছে। বর্তমানে তিনি আমির খান ফিল্মসের সঙ্গে যুক্ত থেকে অভিনেতার প্রযোজনা প্রতিষ্ঠানে কাজ করছেন।
তৃতীয় বিয়ের পর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনায় আসা আমির খানকে ঘিরে বিতর্ক কতদূর গড়ায়, এখন সেদিকেই নজর বলিউড মহলের।