বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান-কে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিয়ের আলোচনা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাট এর সঙ্গে শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন এই অভিনেতা।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ জুলাই ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। জানা গেছে, এটি হবে একটি নিবন্ধনভিত্তিক বিয়ে এবং অনুষ্ঠানটি আয়োজন করা হতে পারে আমির খানের নিজ বাসভবনে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি আমির বা গৌরী।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, ৬১ বছর বয়সী আমির এবং ৪৭ বছর বয়সী গৌরী তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে, জীবনের এই পর্যায়ে এসে সম্পর্ককে উদ্‌যাপন করতেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

শোনা যাচ্ছে, অনুষ্ঠানে শুধুমাত্র পরিবারের সদস্য ও কাছের বন্ধুরাই আমন্ত্রিত থাকবেন। যদিও অতিথি তালিকা প্রকাশ করা হয়নি, তবুও বলিউডে গুঞ্জন রয়েছে যে, আমিরের দীর্ঘদিনের বন্ধু শাহরুখ খান এবং সালমান খান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।

২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির। এরপর একাধিক সাক্ষাৎকারে তিনি গৌরীর প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধার কথা প্রকাশ্যে বলেছেন।

এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, গৌরীর সঙ্গে পরিচয় হওয়াকে তিনি জীবনের আশীর্বাদ মনে করেন। তার মতে, গৌরীর সঙ্গ তাকে মানসিক শান্তি দিয়েছে এবং বর্তমানে তারা একসঙ্গে সুখী জীবন কাটাচ্ছেন।

উল্লেখ্য, আমির খান প্রথম বিয়ে করেছিলেন রীনা দত্তকে ১৯৮৬ সালে। দীর্ঘ বৈবাহিক জীবনের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও কে বিয়ে করেন তিনি। প্রায় ১৫ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি।

তবে বিচ্ছেদের পরও দুই সাবেক স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির। পারিবারিক অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজনে এখনও তাদের একসঙ্গে দেখা যায়। এখন দেখার বিষয়, গৌরী স্প্র্যাটের সঙ্গে তার সম্ভাব্য তৃতীয় বিয়ের খবর শেষ পর্যন্ত কতটা সত্যি প্রমাণিত হয়।