বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবেই পরিচিত আমির খান। পেশাগত সাফল্য থেকে ব্যক্তিজীবনের নানা ঘটনাসব মিলিয়ে প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেতা। এবার নতুন কোনো সিনেমা নয়, বরং চুলের রং বদলে ফেলে আলোচনায় এসেছেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে পাকা চুল ও ধূসর রঙের চুলে দেখা যায় আমিরকে। তার এই নতুন লুক দেখে অবাক হয়েছেন অনেকেই। তবে অভিনেতাকে বেশ উৎফুল্ল ও খোশমেজাজে দেখা গেছে। তার এমন পরিবর্তন দেখে ভক্তদের একাংশের ধারণা, হয়তো নতুন কোনো সিনেমার চরিত্রের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

তবে সেই জল্পনায় নিজেই ইতি টেনেছেন আমির। জানিয়েছেন, নতুন কোনো চরিত্রের জন্য নয়, বরং একঘেয়েমি কাটাতেই চুলে রং করা বন্ধ করেছেন তিনি। অভিনেতার ভাষায়, ‘আমি মূলত চুলে কলপ বা রং করা বন্ধ করে দিয়েছি। প্রতিদিন একইভাবে রং করাটা বড্ড একঘেয়ে লাগছিল।’

এ সময় পাশে থাকা খ্যাতিমান পরিচালক সুভাষ ঘাই রসিকতা করে বলেন, ‘আমিরকে যখনই অন্যরকম কোনো নতুন অবয়বে দেখা যায়, তখনই বুঝে নিতে হবে সে নতুন কোনো চরিত্র নিয়ে গভীরভাবে পড়াশোনা বা চর্চা শুরু করেছে।’

আমিরের এই স্বাভাবিক লুক নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হলেও আপাতত নতুন কোনো সিনেমার চরিত্রের সঙ্গে এর সম্পর্ক নেই বলেই জানিয়েছেন অভিনেতা।