নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির হিট চলচ্চিত্র ‘বহুরূপী’র বহুল আলোচিত চরিত্র ‘ঝিমলি’ দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন টালিউড অভিনেত্রী
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মজার ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি।’ ভিডিওতে দেখা যায়, মাথায় শক্ত করে বাঁধা খোঁপা, পরনে সাদামাটা শাড়ি, মুখে শ্যামলা মেখআপ ও ডি-গ্ল্যাম লুকে চেনা কঠিন কৌশানীকে। বাজারে বসে হাতে বড় বড় মাছ তুলে ধরে একদম চেনা মেছুনির মতো সুর মিলিয়ে ক্রেতাদের ডাকছেন তিনি ‘দুশো দুশো, সিলভার দুশো! বড় মাছ, টাটকা মাছ! নিয়ে যান, নিয়ে যান!’
তবে ক্যামেরার সামনে রিয়েল মাছ কাটতে গিয়ে বেশ হিমশিম ও নাজেহাল হতে হয়েছে এই অভিনেত্রীকে। বটির কাছে বড় মাছ ঘষতে ঘষতে মজার ছলে কৌশানীকে বলতে শোনা যায়, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি! দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’ শুটিং সময়মতো শেষ করার আকুতি জানিয়ে আবার হকারের সুরেই তিনি বলেন, ‘পায়ে পড়ছি, এর মধ্যেই কিনে নিন!’ সিনেমাটির প্রচারণায় অভিনেত্রীর এমন ব্যতিক্রমী ও বিনোদনমূলক অবতার দেখে নেটিজেনরা ইতিবাচক মন্তব্যে ভরিয়ে দিচ্ছেন।