সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন জীবনে পা রাখলেন বলিউড সুপারস্টার আমির খান। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ডেটিং করার পর প্রেমিকা গৌরি স্প্রাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। আজ ৫ জুলাই (রোববার) মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজস্ব বাসভবনে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং আমিরের আগের সংসারের সন্তানদের উপস্থিতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়। আমিরের একজন মুখপাত্র এই দম্পতির বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই আমিরের বাসভবনে এসে পৌঁছান তার দুই সন্তান ইরা খান ও জুনায়েদ খান। এছাড়া আমিরের দীর্ঘদিনের বন্ধু তথা বিখ্যাত ‘লগান’ সিনেমার পরিচালক আশুতোষ গোয়ারিকর, অভিনেতা এলি আব্রাম, ক্রিকেটার ইরফান পাঠান, রাজনীতিক রাজ ঠাকরে এবং কমেডিয়ান-অভিনেতা বীর দাসকেও এই উৎসবে যোগ দিতে দেখা গেছে।

আমির খান ও গৌরি স্প্রাটের পরিচয় প্রায় ২৫ বছর আগের হলেও তাদের প্রেমের শুরু ২০২৪ সালে। আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে অবস্থানরত গৌরির সঙ্গে নতুন করে যোগাযোগ হয় তার। এরপর তারা প্রায় এক বছর লং-ডিস্টেন্স সম্পর্কে ছিলেন। ২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে আমির প্রথম গণমাধ্যমের সামনে গৌরিকে নিজের সঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দেন। সম্পর্কের খাতিরে গৌরি তার আগের সংসারের এক ছেলেকে নিয়ে বেঙ্গালুরু থেকে মুম্বাইয়ে চলে আসেন। বর্তমানে তিনি আমিরের প্রযোজনা সংস্থা ‘আমির খান প্রোডাকশনস’-এর নানা কাজে আমিরকে সহায়তা করছেন।

গত মাসেই আমির নিশ্চিত করেছিলেন যে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। চলতি সপ্তাহে পরিচালক রাজকুমার হিরানির ওটিটি ডেডিউ প্রজেক্ট ‘প্রীতম অ্যান্ড পেড্রো’র প্রিমিয়ারের লাল গালিচায় দাঁড়িয়ে আমির জানিয়েছিলেন, রোববারের বিয়েটি মূলত একটি রেজিস্ট্রি ম্যারেজ বা আইনি বিয়ে হবে এবং এরপর পরিবার ও পুরোনো বন্ধুদের নিয়ে ঘরোয়াভাবে উৎসব করা হবে।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে রীনা দত্তকে প্রথম বিয়ে করেছিলেন আমির খান। রীনার সঙ্গে ২০০২ সালে বিচ্ছেদের পর, ২০০৫ সালে তিনি বিয়ে করেন নির্মাতা কিরণ রাওকে। ২০২১ সালে কিরণের সঙ্গেও তার বিবাহবিচ্ছেদ হয়। দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গেই আমিরের বর্তমান সম্পর্ক বেশ সৌহার্দ্যপূর্ণ এবং তারা একসাথে ‘পানি ফাউন্ডেশন’-এ কাজ করছেন।