দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড সুপারস্টার আমির খান। প্রেমিকা গৌরী স্প্র্যাটকে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তিনি। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং আমন্ত্রিত স্বল্পসংখ্যক অতিথি।
রোববার দুপুরে আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হয় আমির ও গৌরীর বিয়ের আনুষ্ঠানিকতা। জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে একান্ত ব্যক্তিগত পরিসরেই নতুন জীবনের সূচনা করেন এই তারকা জুটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খানের তিন সন্তান জুনায়েদ খান, ইরা খান এবং আজাদ। এছাড়া পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি দীর্ঘদিনের বন্ধু ও ‘লগান’ সিনেমার পরিচালক আশুতোষ গোয়ারিকর এবং অভিনেত্রী এলি আব্রামও অনুষ্ঠানে যোগ দেন।
আমির খানের মুখপাত্র বিয়ের খবর নিশ্চিত করেছেন। এর আগে অভিনেতা জানিয়েছিলেন, বড় কোনো আয়োজন নয়, বরং নিবন্ধিত বিয়ের মাধ্যমে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ছোট পরিসরে উদ্যাপন করতে চান তিনি। শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন।
আমির খান ও গৌরী স্প্র্যাটের পরিচয় আজকের নয়। প্রায় ২৫ বছর আগে প্রথমবার তাদের দেখা হয়েছিল। তবে সে সময় সম্পর্কের কোনো অগ্রগতি হয়নি। বহু বছর পর ২০২৪ সালে আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে আবারও যোগাযোগ হয় দুজনের। সেই পুনর্মিলনের পর ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে, যা একসময় প্রেমের সম্পর্কে রূপ নেয়।
শুরুর দিকে তারা দীর্ঘ দূরত্বের সম্পর্কে ছিলেন। গৌরী বেঙ্গালুরুতে থাকলেও আমির ছিলেন মুম্বাইয়ে। পরে প্রায় এক বছর পর গৌরী নিজের আগের সংসারের ছেলেকে নিয়ে মুম্বাইয়ে চলে আসেন। এরপর থেকেই তারা একসঙ্গে বসবাস শুরু করেন।
২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়ে দেন আমির খান। সে সময় তিনি বলেছিলেন, জীবনের এই পর্যায়ে এসে নিজেকে অনেক বেশি শান্ত, পরিপূর্ণ ও সুখী মনে হচ্ছে। যদিও তখন বিয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি হেসে বলেছিলেন, এই বয়সে আবার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। তবে গৌরীর সঙ্গে নিজেকে নিরাপদ ও স্বস্তিতে অনুভব করেন বলেও জানিয়েছিলেন।
সময়ের সঙ্গে সেই অবস্থান বদলে যায়। কয়েক মাস পরই তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের সিদ্ধান্তের কথা জানান এবং অবশেষে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে নতুন জীবনের যাত্রা শুরু করেন।
জানা গেছে, গৌরী স্প্র্যাট আগে একটি আন্তর্জাতিক হেয়ারকেয়ার প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি আমির খান প্রোডাকশনসের বিভিন্ন প্রশাসনিক ও সৃজনশীল কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির ২৫ বছর পূর্তি উপলক্ষে নেওয়া বিভিন্ন পরিকল্পনা ও কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান জুনায়েদ খান ও ইরা খান। ২০০২ সালে দাম্পত্য জীবনের ইতি ঘটলেও সন্তানদের লালন-পালনে এখনও একসঙ্গে দায়িত্ব পালন করেন তারা।
পরবর্তীতে ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের ছেলে আজাদ। ২০২১ সালে বিচ্ছেদ হলেও কিরণ ও আমিরের মধ্যে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। শুধু ব্যক্তিগত সম্পর্কই নয়, পেশাগত ক্ষেত্রেও তারা একসঙ্গে কাজ করছেন।
কিরণ রাও বর্তমানে আমির খান প্রোডাকশনসের বোর্ড সদস্য। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘লাপাতা লেডিজ’ সিনেমাটিও যৌথভাবে প্রযোজনা করেছে কিরণ রাওয়ের প্রতিষ্ঠান ও আমির খান প্রোডাকশনস। পাশাপাশি ‘পানি ফাউন্ডেশন’-এর বিভিন্ন কার্যক্রমেও আমির, কিরণ রাও এবং রীনা দত্ত একসঙ্গে কাজ করে যাচ্ছেন। ফলে ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তন হলেও পারস্পরিক শ্রদ্ধা ও পেশাদার সম্পর্ক অটুট রেখেই নতুন অধ্যায়ে পা রাখলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।