পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জয় পেয়েছেন অভিনেতা ও রাজনীতিক রুদ্রনীল ঘোষ। রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের মাঝেই এবার সামনে এলো আরেক সুখবর প্রায় ১৩ বছর পর ফিরছে জনপ্রিয় সিনেমা হাওয়া বদল–এর সিক্যুয়েল আবার হাওয়া বদল।
নতুন এই সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন কে। এছাড়াও থাকছেন অনুষা বিশ্বনাথন। জানা গেছে, চলতি জুন মাসেই মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
দীর্ঘদিন ধরেই সিনেমাটি মুক্তির অপেক্ষায় ছিল। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুদ্রনীল ঘোষ বলেন, ছবিটি ২০২৩ সাল থেকেই প্রস্তুত ছিল। এমনকি গত ডিসেম্বরেও মুক্তির পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। পরে নির্বাচনের পর মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তার ভাষায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আর ছবির নাম দুই মিলে যেন এক ‘মজার পরিবেশ’ তৈরি হয়েছে।
অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকা সত্ত্বেও সহকর্মী রুদ্রনীলের প্রতি সম্মান জানিয়েছেন। তিনি বলেন, তাদের ব্যক্তিগত সম্পর্ক বহু বছরের এবং রাজনৈতিক মতপার্থক্য সেই সম্পর্ককে প্রভাবিত করবে না বলেই বিশ্বাস করেন।
পরমব্রত আরও বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সক্রিয় সদস্য নন। তবে বর্তমান রাজনৈতিক পরিবর্তনকে সম্মান জানিয়ে তিনি মনে করেন, রুদ্রনীল ঘোষ ও তার দলের এই সাফল্য দীর্ঘদিনের পরিশ্রমের ফল।
সব মিলিয়ে, রাজনীতি ও সিনেমার বাস্তব ‘হাওয়া বদল’ এর মাঝেই দর্শকদের সামনে আসতে যাচ্ছে আবার হাওয়া বদল, যা নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।