একসময় টলিউডের আলোচিত জুটি ছিলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পর্দার রসায়নের পাশাপাশি বাস্তব জীবনের সম্পর্ক নিয়েও তাদের নিয়ে ছিল বিস্তর আলোচনা। সময়ের সঙ্গে সেই সম্পর্কের ইতি ঘটেছে, দুজনেই এগিয়েছেন নিজেদের জীবনে। তবে সম্প্রতি নতুন এক সিনেমাকে ঘিরে তাদের পুরোনো রসায়ন যেন আবারও ফিরেছে আলোচনায়।

সম্প্রতি মুক্তি পেয়েছে দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। লাদাখের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে ধারণ করা গানটিতে দেব ও শুভশ্রীর উপস্থিতি দর্শকদের মনে করিয়ে দিয়েছে তাদের পুরোনো জুটির কথা। গান প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুই তারকাকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

এর মধ্যেই অফস্ক্রিন বেশ কিছু ঘনিষ্ঠ ও রোমান্টিক ছবি প্রকাশ করে সেই কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন দেব ও শুভশ্রী। কোনো ছবিতে একে অপরকে আগলে রাখতে দেখা গেছে তাদের, আবার কোনো ফ্রেমে চোখে চোখ রেখে ধরা দিয়েছেন দুই তারকা। কোথাও ফুটে উঠেছে মমতা ও নির্ভরতার আবহ।

ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শুভশ্রী লিখেছেন, “তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।” তার এই ক্যাপশন প্রকাশের পরই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। সিনেমার চরিত্র, পুরোনো স্মৃতি এবং বর্তমানের ঘনিষ্ঠ ফ্রেম মিলিয়ে অনেকেই তাদের একসময়ের সম্পর্কের কথা মনে করছেন।

শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, শুভশ্রীর কোলের কাছে বসে আছেন দেব। পেছন থেকে দেবের কাঁধ ও বুক জড়িয়ে রেখেছেন শুভশ্রী। দেবের পরনে সাদা স্লিভলেস গেঞ্জি, আর শুভশ্রীকে দেখা গেছে চকোলেট রঙের বডিফিট পোশাকে। শুভশ্রীর দূরে তাকিয়ে থাকা চোখ এবং দেবের গম্ভীর অভিব্যক্তি ছবিটিতে তৈরি করেছে নীরব এক নাটকীয়তা।

অন্য একটি ফ্রেমে দেবের বুকে মাথা রেখে শুয়ে থাকতে দেখা যায় শুভশ্রীকে। চোখ বন্ধ করে থাকা অভিনেত্রীর মুখে ফুটে উঠেছে নির্ভরতার আবহ। দেবের হাতও আলতোভাবে স্পর্শ করছে শুভশ্রীর মুখ। সব মিলিয়ে ছবিগুলোতে ধরা পড়েছে রোমান্টিক ও আবেগঘন মুহূর্ত।

তবে এই ঘনিষ্ঠতা সিনেমার প্রচারণা ও পর্দার চরিত্রের অংশ হিসেবেই দেখা উচিত। ব্যক্তিগত জীবনে দেব ও শুভশ্রী দুজনেই বহু বছর আগে আলাদা পথে এগিয়ে গেছেন। শুভশ্রী পরে বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে এবং তাদের সংসারে রয়েছে সন্তান। অন্যদিকে দেবও নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে এগিয়ে চলেছেন।

তবু পর্দায় ফের একসঙ্গে দেখা যাওয়ায় পুরোনো এই জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহ যে এখনও রয়েছে, সাম্প্রতিক গান ও ছবিগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনাই তার ইঙ্গিত দিচ্ছে।