‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে বিশ্বজয়ের পর দীর্ঘ পাঁচ বছরের বিরতি ভেঙে নতুন কাজ নিয়ে ফিরলেন নন্দিত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। তাঁর নির্মিত প্রথম মিনি সিরিজ ‘অ্যানি’ এবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প’-এ। জার্মানির কোলনে অনুষ্ঠিতব্য এই উৎসবের ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে সিরিজটি। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিরিজ এই বৈশ্বিক মঞ্চে প্রদর্শনীর গৌরব অর্জন করল।
সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। ডিস্টোপিয়ান প্রেক্ষাপটে নির্মিত এই গল্পের মূল কেন্দ্রবিন্দু ‘অ্যানি’ নামের এক নার্স, যিনি একাই তাঁর পাঁচ ভাইবোনকে বড় করছেন। গল্পের মোড় ঘোরে এক অদ্ভুত ‘ঘৃণা মহামারি’-র প্রেক্ষাপটে, যেখানে পুরুষরা নারীদের প্রতি চরম সহিংস ও উন্মত্ত হয়ে ওঠে। এমন এক ভয়াবহ বাস্তবতায় এক হামলার শিকার হওয়ার পর অ্যানির জীবন আমূল বদলে যায়। শুরু হয় প্রতিশোধ আর টিকে থাকার এক অন্ধকার লড়াই। ‘চেম্বার ড্রামা’ ঘরানার এই সিরিজে নারী-পুরুষ সম্পর্কের ভেতরের অবিশ্বাস ও অসমতার গভীর প্রশ্নগুলো তুলে ধরেছেন নির্মাতা সাদ।
আগামী ৯ জুন জার্মানির কোলনে সিরিজটির প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। নাজিফা তুষি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন এবং ফারহানা মিঠু। সিরিজের প্রযোজক এহসানুল হক বাবু মনে করেন, এই অর্জন বাংলাদেশের নির্মাতাদের জন্য আন্তর্জাতিক সিরিজ উৎসবের নতুন এক সম্ভাবনার দুয়ার খুলে দেবে। ‘লাইভ ফ্রম ঢাকা’ এবং কানজয়ী ‘রেহানা মরিয়ম নূর’-এর পর সাদের এই নতুন সৃষ্টি নিয়ে এখন সিনেমাপ্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে।