দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে লাখো মানুষ যখন পানিবন্দী, তখন দুর্গতদের পাশে দাঁড়াতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জনপ্রিয় ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুব। চট্টগ্রামের বন্যা কবলিত অসহায় মানুষের জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট ও হবিগঞ্জসহ দেশের একাধিক জেলা বর্তমানে প্লাবিত। আকস্মিক এই বন্যায় এবং পাহাড় ধসের ঘটনায় ইতিমধ্যে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। আশঙ্কাজনক এই পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও বেশ চিন্তিত এবং অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে এই সংকট মোকাবিলায় একজোট হওয়ার আহ্বান জানাচ্ছেন।
অভিনেতা তৌসিফের এই মানবিক উদ্যোগের বিষয়টি মূলত সামনে আসে তাঁর এক ভক্তের সুবাদে। মোহাম্মদ ইমন নামের ওই ভক্ত বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। বিষয়টি জানতে পেরে অভিনেতা নিজেই তাঁর সাথে যোগাযোগ করেন এবং ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করেন। ইমন জানান, তাঁরা কয়েকজন মিলে আগামী মঙ্গলবার চট্টগ্রামের বাঁশখালির বন্যা কবলিত এলাকায় যাবেন এবং সেখানে প্রায় এক হাজার মানুষের মাঝে শুকনো খাবার (চিঁড়া, মুড়ি), বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ এবং বিশেষ করে নারীদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করবেন।
যদিও এই দান বা মানবিক সহায়তা নিয়ে খুব বেশি প্রচার বা খোলাখুলি কথা বলতে চাননি তৌসিফ মাহবুব। তিনি মনে করেন, এমন জাতীয় দুর্যোগে সামর্থ্যবান সবারই এগিয়ে আসা উচিত। এক ফেসবুক বার্তায় অভিনেতা তাঁর অনুভূতি ব্যক্ত করে লিখেছেন, ‘মাটির মানুষ মাটিতেই ফিরে যাব। মাঝে যে কয়দিন বাঁচি, মানুষের জন্যই হোক সেটা। যে মানুষেরা ভালোবেসে আমার কাজ দেখে, তাদের জন্য কিছু করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।’