সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী মৌ। শো শেষে বাসায় ফেরার পথে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আহত হন তিনি। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়াতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন এই অভিনেত্রী।

দুর্ঘটনার বিষয়ে গণমাধ্যমকে মৌসুমী মৌ জানান, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। তবে মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পাওয়ায় ব্যথা অনুভব করছেন। বড় ধরনের কোনো শারীরিক ক্ষতি না হওয়ায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়ে মৌসুমী মৌ লেখেন, “আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি। শো শেষ করে আসার পথে একটা পিকআপ আমাদের ধাক্কা দেয়। আমি গাড়ির বাম দিক থেকে ডান দিকে ছিটকে পড়ি। মাথা, বুকে, পায়ে আর হাতে ব্যথা পাই। কিন্তু বড় ধরনের কোনো কিছু আমার হয়নি।”

তিনি আরও জানান, তাঁর গাড়ির ঠিক পেছনেই মোটরসাইকেলে ছিলেন তাঁর মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যবধানেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

মৌসুমী মৌ লিখেছেন, “আমার গাড়ির ঠিক পেছনে বাইকে ছিল আমার মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যাপার, যদি পিকআপটি মুমিনকে ধাক্কা দিত, তাহলে সে ছিটকে পড়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারত। আর যদি পিকআপটি আমার গাড়ির আরেকটু সামনে বা দরজার দিকে আঘাত করত, তাহলে হয়তো আমিও আজ বেঁচে থাকতাম না।”

দুর্ঘটনার জন্য পিকআপ চালকের বেপরোয়া আচরণকে দায়ী করেছেন এই অভিনেত্রী। তাঁর দাবি, চালক অত্যন্ত অসাবধানভাবে গাড়ি চালাচ্ছিলেন এবং পিকআপটির ব্রেকও ঠিক ছিল না।

এ বিষয়ে মৌসুমী মৌ বলেন, “ড্রাইভারটা চরম বেয়াদব। ওর পিকআপের ব্রেক ঠিক নেই। তার আচরণে মনে হচ্ছিল কিছু খেয়ে সে গাড়ি চালাচ্ছে। পরে গাড়ির মালিক এসে জানান, ওই চালকের গাড়ি চালানোর কথা ছিল না। কোনটা সত্য আর কোনটা মিথ্যা জানি না। তবে বেঁচে আছি, ভালো আছি, এটাই সবচেয়ে বড় কথা।”

দুর্ঘটনার খবর প্রকাশের পর সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।