২০১৫ সালের ডিসেম্বরে ‘বিগ বস ৯’-এ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করেছিলেন নোরা ফাতেহি। অভিনেত্রী ও নৃত্যশিল্পীর সেই সফর অবশ্য খুব দীর্ঘ হয়নি। ২০১৬ সালের জানুয়ারিতে ভোটাভুটির মাধ্যমে শো থেকে বাদ পড়েন তিনি। তবে সম্প্রতি জানা গেল, এই রিয়েলিটি শোতে নোরার প্রবেশের পেছনে ছিল বিশেষ এক শর্ত।
‘আনট্রিগার্ড’ পডকাস্টে নিজের ‘বিগ বস’ অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন নোরা। তিনি জানান, সেই সময় কয়েকটি গানের কাজ করলেও পারিশ্রমিক নিয়ে সমস্যায় পড়েছিলেন। প্রযোজকদের কাছ থেকে টাকা পাওয়ার জন্য তাকে অপেক্ষা করতে হচ্ছিল। এমন পরিস্থিতির মধ্যেই ‘বিগ বস’-এর প্রস্তাব আসে তার কাছে।
নোরা বলেন, প্রথমে তিনি প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। কারণ তখন তিনি রিয়েলিটি শোকে খুব একটা গুরুত্ব দিতেন না। কিন্তু তাকে নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিক দেওয়ার কথা জানানো হলে নিজের সিদ্ধান্ত বদলান অভিনেত্রী।
নোরার উপলব্ধি ছিল, ‘বিগ বস’ খারাপ কোনো প্ল্যাটফর্ম নয়। বরং সঠিকভাবে কাজে লাগাতে পারলে এই ধরনের রিয়েলিটি শো একজন শিল্পীকে খুব দ্রুত দর্শকের কাছে পরিচিত করে তুলতে পারে।
তবে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে শোতে যাওয়ার কারণে দীর্ঘদিন সেখানে থাকার পরিকল্পনা ছিল না নোরার। তার মূল লক্ষ্য ছিল ‘ঝলক দিখলা জা’-তে অংশ নেওয়া। একই চ্যানেলের অনুষ্ঠান হওয়ায় ‘বিগ বস’-এর বিনিময়ে তিনি ‘ঝলক’-এ সুযোগ পাওয়ার শর্ত দেন।
নোরার ভাষায়, তিনি কর্তৃপক্ষকে বলেছিলেন তাকে ‘ঝলক দিখলা জা’-তে নেওয়ার সুযোগ দিতে, আর এর বিনিময়ে তিনি ‘বিগ বস’ করবেন। শেষ পর্যন্ত তার সেই শর্তও পূরণ হয়। ‘বিগ বস’-এর পর ‘ঝলক দিখলা জা’-তে অংশ নেওয়ার সুযোগ পান তিনি।
‘বিগ বস ৯’-এ থাকাকালীন নোরার সঙ্গে প্রতিযোগী প্রিন্সের ঘনিষ্ঠতাও আলোচনায় আসে। দুজনকে একাধিকবার ফ্লার্ট করতে দেখা যায়। প্রিন্স নোরাকে ফুল ও আংটিও উপহার দিয়েছিলেন। এমনকি নোরাকে শোতে পাঠানোর জন্য ‘বিগ বস’-এর কাছে কৃতজ্ঞ বলেও জানিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ওই মৌসুমের বিজয়ী হন প্রিন্স।
এদিকে ‘বিগ বস’-এর পর নোরার ক্যারিয়ার দ্রুত এগিয়ে যায়। আন্তর্জাতিক মঞ্চেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন এই নৃত্যশিল্পী। ২০২৬ সালের জুনে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি। একই আয়োজনে সানজয় ও ভেজিড্রিমের সঙ্গে ফিফা ২০২৬-এর অফিসিয়াল গান ‘সির সির’-এও যুক্ত হন নোরা।
এছাড়া নিজের আসন্ন ইপি ‘প্লে’ নিয়েও কাজ করছেন তিনি। এর আগে বাদশাহর সঙ্গে ‘সাজন রে’ গান প্রকাশ করেছিলেন নোরা। সামনে রজনীকান্ত অভিনীত ‘জেলর ২’ সিনেমাতেও বিশেষ নাচের পরিবেশনায় দেখা যেতে পারে তাকে।