মারাঠি চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় তারকা দম্পতি আদীনাথ কোটারে ও ঊর্মিলা কানেটকর আনুষ্ঠানিকভাবে নিজেদের বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। যৌথ এক বিবৃতিতে তারা জানান, দীর্ঘ চিন্তাভাবনা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনক উপায়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিতে আদীনাথ ও ঊর্মিলা বলেন, তাদের দাম্পত্য সম্পর্কের সমাপ্তি ঘটলেও কন্যা জিজাহই তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হয়ে থাকবে। তারা দুজনই যৌথভাবে মেয়ের লালন-পালনের দায়িত্ব পালন করবেন এবং নিশ্চিত করবেন, সে যেন ভালোবাসা, নিরাপত্তা ও সমর্থনের পরিবেশে বড় হতে পারে। মেয়ের প্রতি তাদের দায়িত্ব ও অঙ্গীকার আগের মতোই অটুট থাকবে বলেও উল্লেখ করেন তারা।

এই তারকা দম্পতি আরও জানান, একসঙ্গে কাটানো সময়, স্মৃতি এবং সম্পর্কের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। পাশাপাশি ভক্ত, বন্ধু ও সংবাদমাধ্যমের কাছ থেকে এতদিন যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। বিবৃতির শেষাংশে স্পষ্ট করে জানানো হয়, বিষয়টি নিয়ে এটিই তাদের একমাত্র আনুষ্ঠানিক বক্তব্য এবং ভবিষ্যতে এ নিয়ে আর কোনো মন্তব্য করবেন না।

গত কয়েক মাস ধরেই আদীনাথ ও ঊর্মিলার দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। ২০২৫ সালের শেষ দিকে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে তাদের আলাদা থাকার খবর প্রকাশ পেলেও তখন এ বিষয়ে কেউ মুখ খোলেননি। এর আগে এক সাক্ষাৎকারে ঊর্মিলা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও ‘বিষাক্ত’ আলোচনাকে গুরুত্ব না দেওয়ার কথা বলেছিলেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, অনলাইনে প্রচারিত সব তথ্য বিশ্বাস করা উচিত নয়।

আদীনাথ কোটারে ও ঊর্মিলা কানেটকরের পরিচয় হয় ২০০৬ সালে ‘শুভ মঙ্গল সাবধান’ সিনেমার শুটিংয়ের সময়। ছবিটি পরিচালনা করেছিলেন আদীনাথের বাবা মহেশ কোটারে এবং সেই চলচ্চিত্রের মাধ্যমেই অভিনয়ে অভিষেক ঘটে ঊর্মিলার। দীর্ঘ প্রেমের পর ২০১১ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। ২০১৮ সালে তাদের কন্যাসন্তান জিজাহর জন্ম হয়।

অভিনয়জীবনে ঊর্মিলা কানেটকর ‘দুনিয়াদারি’, ‘মালা আই ভ্হায়চি!’ এবং ‘তি সধ্যা কায় কারতে’সহ একাধিক জনপ্রিয় মারাঠি চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া হিন্দি ও তেলেগু চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। অন্যদিকে আদীনাথ কোথারে অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে মারাঠি চলচ্চিত্র অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি পরিচালক নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমায় ভারত চরিত্রে অভিনয় করছেন। এছাড়া হানসাল মেহতার ‘গান্ধী টকস’ সিনেমাতেও তাকে দেখা যাবে।