কান চলচ্চিত্র উৎসবে ‘আলী’ চলচ্চিত্রের সাফল্যের পর এবার রূপালি পর্দায় নতুন যাত্রার ঘোষণা দিলেন নির্মাতা আদনান আল রাজীব। প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের নতুন স্বপ্নের কথা জানিয়েছেন এই নির্মাতা।
ফেসবুক পোস্টে আদনান আল রাজীব স্মৃতিচারণ করে লেখেন, বিজ্ঞাপন নির্মাণের শুরুর দিকে তিনি ‘কাছে আসার গল্প’ নামে একটি প্রেমের গল্প নির্মাণ করেছিলেন। সে সময়ের অন্যতম সফল কাজ ছিল সেটি। আর সেই কাজ থেকেই একদিন নিজের মতো করে একটি প্রেমের সিনেমা নির্মাণের স্বপ্ন দেখেছিলেন।
তিনি জানান, সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্নও পরিণত হয়েছে। নানা গল্প, চরিত্র ও অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেও নিজের মনের মতো একটি প্রেমের গল্পের খোঁজ চালিয়ে গেছেন সবসময়। এমন একটি গল্প, যেটি একান্তই তার নিজের।
গল্প তৈরির দীর্ঘ যাত্রার কথাও তুলে ধরেন তিনি। আদনান আল রাজীবের ভাষায়, কিছু গল্প অনেকটা ভালোবাসার মানুষের মতো। তারা সহজে ধরা দেয় না। কখনো কাছে আসে, কখনো দূরে সরে যায়। তার নতুন সিনেমার গল্পটিও ছিল তেমনই। বহুবার লিখেছেন, আবার মুছে ফেলেছেন। কখনো মনে হয়েছে গল্পটি সম্পূর্ণ হয়েছে, পরে আবার মনে হয়েছে এখনো হয়নি।
অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে বলে জানান এই নির্মাতা। তিনি লেখেন, একসময় বুঝতে পেরেছেন গল্পটি আর দূরে নেই, বরং তার একেবারে কাছে এসে দাঁড়িয়েছে। এখন তিনি গল্পটিকে স্পষ্ট দেখতে পাচ্ছেন। আর সেই গল্প নিয়েই নির্মাণ করতে যাচ্ছেন জীবনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
তবে নতুন সিনেমার ঘোষণা দিলেও এর নাম, অভিনয়শিল্পীদের তালিকা কিংবা শুটিং কবে শুরু হবে এসব বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে চলচ্চিত্রপ্রেমীদের কৌতূহল আরও বেড়েছে।
প্রেম, অনুভূতি এবং দীর্ঘদিনের স্বপ্নকে সঙ্গী করে বড় পর্দায় আদনান আল রাজীবের এই নতুন যাত্রা এখন দর্শকদের অপেক্ষার অন্যতম কারণ হয়ে উঠেছে।