ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তবে ভোট দেওয়ার পাঁচ ছয় দিন পেরিয়ে গেলেও তার আঙুলে থাকা স্থায়ী কালি এখন তাকে ফেলেছে ভিন্ন এক ভাবনায়।

মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে নিজের উদ্বেগের কথা জানান তিনি। ছবিতে দেখা যায়, বাম হাতের বৃদ্ধাঙ্গুলে এখনো স্পষ্ট ভোটের কালির দাগ রয়ে গেছে।

পোস্টের ক্যাপশনে বর্ষা লিখেছেন,
“ভোটের কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? আজ ৬ দিন।”

ধর্মীয় অনুশাসন অনুযায়ী অজু শুদ্ধ হচ্ছে কি না এ নিয়েই সংশয়ে পড়েছেন এই অভিনেত্রী। ভোটের কালি সাধারণত কয়েকদিন স্থায়ী থাকে। কিন্তু দীর্ঘসময় দাগ না উঠায় অনেক ধর্মপ্রাণ মানুষের মধ্যেই এমন প্রশ্ন দেখা যায়।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বর্ষা। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন,
“আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। আমরা যেন ভালো থাকতে পারি, ইনশাআল্লাহ।”

পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তরা নানা মতামত ও পরামর্শ দিতে শুরু করেন। কেউ আশ্বস্ত করেছেন যে অজুতে সমস্যা হয় না, আবার কেউ ধর্মীয় ব্যাখ্যাও দিয়েছেন।

এবারের নির্বাচনে সাধারণ ভোটারদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকাও অংশ নেন উৎসবমুখর পরিবেশে। তবে ভোটের কালি দীর্ঘদিন স্থায়ী হওয়ায় বর্ষার মতো অনেকেই অজু ও নামাজের শুদ্ধতা নিয়ে সামাজিক মাধ্যমে এমন প্রশ্ন তুলছেন।