ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয় এবং চমৎকার লুক দিয়ে শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছেন তিনি। অভিনয়ের বাইরে সামাজিক মাধ্যমেও দারুণ সরব এই তারকা, যেখানে নিজের কাজ, চিন্তাভাবনা ও নানা মুহূর্ত প্রায়শই অনুসারীদের সঙ্গে শেয়ার করে থাকেন। সম্প্রতি নিজের ফেসবুক পেজে রোবটের একটি ভিডিও শেয়ার করে দেওয়া এক বিশেষ ক্যাপশনে নেটিজেনদের মাঝে বেশ কৌতূহল সৃষ্টি করেছেন তিনি।
ভিডিওটির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক’। রসিকতায় ভরা এই মন্তব্য মুহূর্তেই নেটপাড়ায় সাড়া ফেলে দেয়। ভক্তরাও থেমে থাকেননি; তাঁর সেই পোস্টে এক অনুরাগী মন্তব্য করে লিখেছেন, ‘রোবট ঠিক আছে, অন্তত চিট করবে না’। অন্য একজন মন্তব্য করেছেন, ‘রোবট অন্তত বেইমানি করবে না’। পোস্টটি ঘিরে ভক্তদের এমন মজাদার প্রতিক্রিয়ায় এক হাসির আবহ তৈরি হয়েছে।
তবে এই বার্তাটি নিছকই মজার ছলে লেখা, নাকি এর পেছনে অন্য কোনো ইঙ্গিত রয়েছে তা নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন চলছে। ২০১৪ সালে রিয়্যালিটি শোর মাধ্যমে বিনোদন জগতে পা রাখা মাহি ‘তরুণ তুর্কী’ ধারাবাহিকের মাধ্যমে নাটকে অভিনয় শুরু করেন। এরপর ‘পারিবারিক গোলযোগ’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’ ও ‘ম্যাচিং ব্রাদার’-এর মতো একাধিক দর্শকনন্দিত নাটকে নিজের অভিনয় ক্ষমতার স্বাক্ষর রেখেছেন তিনি।