দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিজের ভাবনা ও ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন তিনি।

গত বছর পারিবারিক কারণে অভিনয় থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন বর্ষা। এরপর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। ব্যক্তিগত জীবনেও খুব একটা বিতর্কে জড়াননি এই অভিনেত্রী। ২০১১ সালে ভালোবেসে চিত্রনায়ক অনন্ত জলিলকে বিয়ে করেন তিনি। দুই সন্তান নিয়ে সংসার করছেন এই তারকা দম্পতি।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক দীর্ঘস্থায়ী করার ‘টোটকা’ নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন বর্ষা। এক ভাবগম্ভীর পোস্টে তিনি বোঝানোর চেষ্টা করেছেন, সম্পর্ক টিকিয়ে রাখতে অর্থের চেয়ে সময়, যত্ন, আন্তরিকতা ও পারিবারিক সম্পৃক্ততা বেশি গুরুত্বপূর্ণ।

বর্ষা লিখেছেন, ‘যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে সেই সম্পর্কে ইনভেস্ট করতে হবে। আর এই ইনভেস্টমেন্ট বলতে শুধু টাকা-পয়সা বোঝায় না।’

জীবনযাপনের জন্য অর্থের প্রয়োজন থাকলেও সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে সেটিই সব নয় বলে মনে করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘অবশ্যই জীবনে চলার জন্য টাকা-পয়সার প্রয়োজন আছে, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবসময় অর্থই বড় বিষয় নয়।’

বর্ষার মতে, সম্পর্কের প্রকৃত বিনিয়োগ হলো সময় দেওয়া, ভালো ব্যবহার করা, যত্ন নেওয়া এবং একজন মানুষকে পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত করা। তার ভাষায়, ‘সম্পর্কের আসল ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার সময়, আপনার ব্যবহার, আপনার যত্ন এবং পারিবারিকভাবে একজন মানুষকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নেওয়া।’

কোনো মানুষকে দীর্ঘদিন জীবনের অংশ করে রাখতে চাইলে তাকে পরিবারের সঙ্গে যুক্ত করার পরামর্শও দিয়েছেন বর্ষা। তিনি বলেন, ‘আপনি যদি সত্যিই জানেন যে, এই মানুষটা আমার জীবনে সারাজীবন থাকবে অথবা আপনি তাকে আপনার জীবনে রাখতে চান, তাহলে তাকে আপনার পরিবার ও পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত করতে পারেন।’

এর ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী। তার মতে, সময়ের সঙ্গে একজন মানুষের সঙ্গে পরিবারের সামাজিকতা, সম্মান, মায়া, দায়বদ্ধতা ও আত্মিক সম্পর্ক তৈরি হলে সেই সম্পর্ক থেকে সরে আসার আগে মানুষ অন্তত একবার ভাবেন।

বর্ষার ভাষায়, ‘আমি চলে গেলে কী হবে? এই সম্পর্কগুলোর কী হবে? আমার কাছে এটাই সম্পর্কের একটা বড় ইনভেস্টমেন্ট।’

পছন্দের মানুষকে বাবা-মা ও পরিবারের বড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথাও বলেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আপনার বাবা-মা কিংবা পরিবারের বড়দের সঙ্গে আপনার পছন্দের মানুষটাকে পরিচয় করিয়ে দিন, তাকে পারিবারিকভাবে আপন করে নিন।’

সবশেষে বর্ষা মনে করিয়ে দিয়েছেন, কোনো সম্পর্ক যখন শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পরিবারের সঙ্গেও একটি বন্ধন তৈরি হয়, তখন সেখানে মায়া, সম্মান ও দায়বদ্ধতা আরও গভীর হয়।

তাই সম্পর্ককে সত্যিকার অর্থে দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা নয়, সময়, যত্ন, সম্মান, ভালো ব্যবহার এবং পারিবারিক বন্ধনের ওপরও গুরুত্ব দিয়েছেন বর্ষা।