ঢাকার শোবিজ অঙ্গনের পরিচিত মুখ আফসান আরা বিন্দু দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন। একসময় নিয়মিত পর্দায় দেখা যাওয়া এই অভিনেত্রী প্রায় এক দশক বিরতির পর ২০২৩ সালে মিজানুর রহমান আরিয়ানের ‘উনিশ ২০’ ওয়েব ফিল্মে আরিফিন শুভর বিপরীতে অভিনয়ের মাধ্যমে ফেরেন। এরপর আবার কিছুদিনের জন্য পর্দা থেকে দূরে থাকলেও এবার নতুন সিরিজ নিয়ে হাজির হচ্ছেন তিনি।
আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিরিজ ‘হেডলাইন’। সম্প্রতি প্রকাশিত টিজারে সিরিজটির গল্পের কিছু আভাস মিলেছে, যেখানে সাংবাদিকতার পেশাগত চাপ, ষড়যন্ত্র এবং ব্যক্তিগত জীবনের টানাপোড়েন তুলে ধরা হয়েছে।
সালেহ সোবহান অনিম পরিচালিত এই সিরিজে মূল চরিত্রে দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহানকে। তারা যথাক্রমে এক অভিজ্ঞ সিনিয়র সাংবাদিক এবং এক তরুণ রিপোর্টারের ভূমিকায় অভিনয় করেছেন। তাদের গল্পের কেন্দ্রেই রয়েছে অনুসন্ধানী সাংবাদিকতা এবং এর আড়ালে থাকা জটিল বাস্তবতা।
এই সিরিজে আফসান আরা বিন্দুকে দেখা যাবে ‘আইরিন’ চরিত্রে, যাকে গল্পে সমস্যার সমাধানকারী হিসেবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি আরও অভিনয় করেছেন সারিকা সাবরিন, শ্যামল মাওলা, ফারহানা হামিদ এবং ইন্তেখাব দিনারসহ অনেকে।
পরিচালক অনিম জানান, বর্তমান অস্থির সময়ের মধ্যে দর্শকদের জন্য একটি স্বস্তিদায়ক ও গল্পনির্ভর কাজ উপহার দেওয়ার চেষ্টা করেছেন তারা। তার মতে, ‘হেডলাইন’ মূলত সাংবাদিকতা ও অনুসন্ধানের পেছনের একটি পারিবারিক নাট্যঘন গল্প।