যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) নতুন প্রজেক্ট নিয়ে বলিপাড়ায় শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন। নাম ঠিক না হওয়া এক রোমান্টিক ছবির মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছে ‘সাইয়ারা’ খ্যাত জনপ্রিয় জুটি আহান পান্ডে এবং অনীত পাড্ডা। তাঁদের রসায়নের আকাশচুম্বী সাফল্যের পর এবার আরও বড় বাজি ধরছে প্রযোজনা সংস্থাটি।
ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন রোমান্টিক থ্রিলার ও প্রেমের গল্পের জাদুকর মোহিত সুরি। নতুন এই প্রজেক্ট নিয়ে আবেগঘন মোহিত সুরি বলেন:
“আমার কাছে সব সময়ই মূল বিষয় হলো প্রেমের গল্প। ভালোবাসা গভীর হওয়া উচিত, আর সে কারণেই একজন গল্পকার হিসেবে আমি এমন গল্পই বলার চেষ্টা করি। আমরা আবার একত্রিত হয়েছি এক নতুন সৃজনশীল খিদে নিয়ে। এবার নিজেকে একজন নবাগত মনে হচ্ছে, তাই আমি একই সাথে উত্তেজিত এবং উদ্বিগ্ন।”
যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি এই জুটির ওপর আস্থা প্রকাশ করে জানান, ‘সাইয়ারা’ ছিল একটি বিশেষ অনুভূতি, আর এবার তাঁরা আরও পরিণত ও শক্তিশালী কিছু উপহার দিতে চান। আহান ও অনীতকে আবারও একসঙ্গে পেয়ে উচ্ছ্বসিত পুরো টিম।
বর্তমানে এই দুই তারকার হাতেই রয়েছে একাধিক বিগ-বাজেট কাজ। আহান পান্ডে ব্যস্ত রয়েছেন আলী আব্বাস জাফরের একটি প্রজেক্ট নিয়ে। অন্যদিকে, অনীত পাড্ডাকে দেখা যাবে ‘শক্তি শালিনী’ নামক একটি হরর কমেডিতে, যেখানে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন নানা পাটেকর, বিশাল জেঠওয়া এবং বিনীত কুমার সিংয়ের মতো শক্তিমান অভিনেতারা।
মোহিত সুরির সুর আর আহান-অনীতের রসায়ন আবারও দর্শকদের হৃদয়ে ঝড় তুলতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।