মুম্বাইয়ের জুহু এলাকায় অবস্থিত বলিউড তারকা অজয় দেবগনের ৭,৮০২ বর্গফুটের বাংলোটি নিয়ে তৈরি হয়েছে আইনি ও নাগরিক জটিলতা। বাংলোটিতে একটি বাণিজ্যিক সেলুন ও স্পা খোলার উদ্দেশ্যে নির্মাণকাজ চলায় বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশন (বিএমসি) ‘স্টপ-ওয়ার্ক’ বা কাজ বন্ধের নোটিশ জারি করেছে। স্থানীয় ‘কাপোল কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র লিখিত অভিযোগের ভিত্তিতে বিএমসির কে-ওয়েস্ট ওয়ার্ড থেকে এই নোটিশ পাঠোনো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় কর্পোরেটর সুধা সিং জানিয়েছেন যে বিএমসির বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিপার্টমেন্ট প্রাঙ্গণটিতে বাণিজ্যিক ব্যবহারের প্রয়োজনীয় অনুমোদন বা কাগজপত্র পায়নি। অনুমোদন ছাড়া কাজ চলায় বিএমসি অবিলম্বে কাজ বন্ধের নির্দেশ দেয়। তবে এই নোটিশের জবাব দিতে এবং প্রাসঙ্গিক নথিপত্র জমা দেওয়ার জন্য দেবগন পরিবারের পক্ষ থেকে বিএমসির কাছে চার সপ্তাহের সময় চাওয়া হয়েছে।
হাউজিং সোসাইটির বাসিন্দাদের আপত্তি অবশ্য প্রাঙ্গণটি ভাড়া দেওয়া নিয়ে নয়, বরং আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা নিয়ে। সরু গলিতে গ্রাহকদের আনাগোনা, পার্কিং সমস্যা, নিরাপত্তা এবং গোলমালের আশঙ্কা করছেন অন্যান্য বাসিন্দারা। অন্যদিকে, অজয় দেবগনের ঘনিষ্ঠ সূত্র এই দাবি অস্বীকার করে জানিয়েছে যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সব অনুমোদন ও ছাড়পত্র নিয়েই কাজ শুরু করা হয়েছিল।