সেনাবাহিনীর চাকরি দিয়ে কর্মজীবন শুরু, এরপর সাংবাদিকতা, অভিনয়, লেখালেখি ও পরিচালনা পেশাজীবনে বারবার নিজেকে নতুন করে চেনাচ্ছেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। ছোট পর্দা থেকে শুরু করে বিজ্ঞাপন ও নাটক দিয়ে একসময় দর্শকদের হৃদয় জয় করা এই তারকা এবার এক সম্পূর্ণ নতুন অধ্যায়ে পদার্পণ করেছেন। অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার তিনি নাম লেখালেন করপোরেট জগতে।

প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষার্থী পরামর্শক প্রতিষ্ঠান ‘জেইন গ্লোবাল’-এ ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন হাসান মাসুদ। গত ১ সেপ্টেম্বর থেকে তিনি এই পদে দায়িত্ব পালন শুরু করেছেন। তাঁর নতুন কর্মক্ষেত্রের মূল কাজ হবে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া, প্রতিষ্ঠানটির ব্র্যান্ডিং জোরদার করা এবং যোগাযোগ কার্যক্রম পরিচালনা করা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, হাসান মাসুদের দীর্ঘদিনের বহুমুখী অভিজ্ঞতা ও যোগাযোগের দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীসেবার মান আরও বৃদ্ধি করা সম্ভব হবে।

দীর্ঘদিন পর্দায় নিয়মিত থাকলেও গত কয়েক বছরে নাটক বা সিনেমায় কাজ একেবারেই কমিয়ে দিয়েছেন হাসান মাসুদ। বর্তমানে বেছে বেছে কিছু বিজ্ঞাপনে দেখা মিললেও অভিনয়কে আর মূল পেশা হিসেবে নিচ্ছেন না তিনি। সেনাবাহিনী ছেড়ে সাংবাদিকতার রোমাঞ্চ, সেখান থেকে অভিনয়ের আঙিনা এবং সবশেষে করপোরেট জগতে তাঁর এই নতুন পথচলা প্রমাণ করে যেকোনো নতুন শুরুকে আপন করে নেওয়ার মানসিকতাই মূলত এই অভিনেতার আসল শক্তি।