বলিউড সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটির প্রচারণা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন অভিনেতা। সম্প্রতি একটি গানের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভোজপুরি সংস্কৃতি নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেন তিনি।
সিনেমাটিতে একটি ভোজপুরি গান অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অক্ষয় কুমার রসিকতার সুরে বলেন, ভবিষ্যতে ভোজপুরি সিনেমায় কাজ করার সুযোগ এলে তিনি আগ্রহী হতে পারেন। একই সঙ্গে মজার ছলে মন্তব্য করেন, ‘হলিউডের চেয়েও ভোজপুরি ভালো। কারণ তারা এই গান শুনলেও কিছুই বুঝবে না। এমন ধরনের গান তারা আগে কখনও দেখেনি।’
তবে রসিকতার পাশাপাশি ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রশংসাও করেন এই অভিনেতা। অক্ষয়ের মতে, ভারতের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি, ভাষা ও সঙ্গীত দেশটির অন্যতম বড় শক্তি। তিনি বলেন, দেশের গান ও শিল্পকলায় সেই বৈচিত্র্যের প্রতিফলন দেখা যায় এবং এ নিয়ে সবার গর্ববোধ করা উচিত।
অনুষ্ঠানে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর সাফল্য নিয়েও আশাবাদ ব্যক্ত করেন অক্ষয়। হাস্যরসাত্মক ভঙ্গিতে তিনি বলেন, ‘থ্রি ইডিয়টস’ মাত্র তিনজন প্রধান অভিনেতাকে নিয়ে ব্লকবাস্টার হয়েছিল। আর আমাদের সিনেমায় ৩০ জনেরও বেশি শিল্পী রয়েছেন। তাই দর্শকদের জন্য বিনোদনের মাত্রাও অনেক বেশি হবে বলে আশা করছি।
আহমেদ খান পরিচালিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। সিনেমাটিতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন সুনীল শেঠি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ার্সি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জনি লিভার, ফরিদা জালাল, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর ও রাজপাল যাদবসহ আরও অনেক জনপ্রিয় তারকা।