ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন। বিশেষ করে নারীদের নিরাপত্তা আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মনে করেন তিনি। এমনকি বাংলাদেশে সোনার গহনা পরে চলাফেরাকেও নিরাপদ মনে করেন না এই অভিনেত্রী।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিশা বলেন, নানা পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এমন অনেক সমস্যার মুখোমুখি হন, যা তাদের প্রাপ্য নয়। অনেক ক্ষেত্রে এসব ঘটনার ন্যায়বিচারও পাওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।
তিশার ভাষায়, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’
নারীদের নিরাপত্তার বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’
দীর্ঘদিন ছোটপর্দায় কাজ করার পর এবার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। শাকিব খানের বিপরীতে অভিনীত ‘সোলজার’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনি।