৯ সেপ্টেম্বর বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অক্ষয় কুমারের জন্মদিন। পর্দায় কখনও অ্যাকশন হিরো, কখনও কৌতুক অভিনেতা বছরের পর বছর নানা চরিত্রে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। তবে দীর্ঘ অভিনয়জীবনের সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও কম আলোচিত নয়। প্রেম, বিচ্ছেদ ও নানা বিতর্ক ঘিরে অক্ষয়ের জীবনের বেশ কিছু অধ্যায় এখনও বলিউডপ্রেমীদের আগ্রহের বিষয়।
নব্বইয়ের দশকে অক্ষয় কুমারের প্রেমজীবন ছিল বলিউডের অন্যতম চর্চিত বিষয়। ‘মোহরা’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় রবীনা টন্ডনের সঙ্গে তার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। একপর্যায়ে তাদের বিয়ের কথাও শোনা যায়। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক বিয়ের পরিণতি পায়নি।
রবীনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর শিল্পা শেট্টীর সঙ্গে অক্ষয়ের সম্পর্ক নিয়েও ব্যাপক আলোচনা শুরু হয়। পর্দায় জনপ্রিয় এই জুটির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তখন অনুরাগীদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে সেই সম্পর্কও শেষ পর্যন্ত স্থায়ী হয়নি।
এরপর অক্ষয়ের জীবনে আসেন অভিনেত্রী ও লেখক টুইঙ্কল খন্না। ২০০১ সালে তারা বিয়ে করেন। এরপর শুরু হয় অক্ষয়ের জীবনের নতুন অধ্যায়। দুই দশকেরও বেশি সময় ধরে দাম্পত্যজীবন পার করেছেন তারা।
তবে বিয়ের পরও বিতর্ক পুরোপুরি পিছু ছাড়েনি অক্ষয়ের।
২০০৯ সালে একটি ফ্যাশন শোয়ে অক্ষয়ের জিন্সের বোতাম খোলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বিষয়টি নিয়ে সামাজিক ও গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এমনকি ঘটনায় অক্ষয় ও টুইঙ্কলের বিরুদ্ধে মামলাও হয়েছিল।
সময় গড়ানোর সঙ্গে অক্ষয়ের জীবনের সেই পুরনো বিতর্কগুলো অনেকটাই পেছনে পড়ে গেছে। রবীনা ও শিল্পার সঙ্গে সম্পর্ক, বিচ্ছেদ কিংবা ফ্যাশন শো ঘিরে বিতর্ক সবকিছুর পরও নিজের ক্যারিয়ারকে নতুন করে এগিয়ে নিয়েছেন তিনি।
আজও একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন অক্ষয়। অ্যাকশন, কমেডি কিংবা ভিন্নধর্মী চরিত্র বছরের পর বছর নিজেকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা অব্যাহত রেখেছেন এই অভিনেতা।
জন্মদিনে তাই অক্ষয় কুমারের গল্প শুধু একজন সফল বলিউড তারকার গল্প নয়। প্রেম, বিচ্ছেদ ও বিতর্ক পেরিয়ে বারবার নিজেকে নতুন করে তৈরি করার গল্পও এটি।