যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক অ্যাকশন সিনেমা ‘আলফা’ নিয়ে সম্পূর্ণ নতুন অবতারে পর্দায় হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তবে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড় ধরনের ধাক্কা খেয়েছে বহুল প্রতীক্ষিত এই ছবিটি। শুরুর আয়ের দিক থেকে ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলোর তুলনায় এটি বেশ পিছিয়ে রয়েছে।

সিনেমা বাণিজ্য বিশ্লেষক সাইট ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, শুক্রবার মুক্তি পাওয়া ‘আলফা’ প্রথম দিনে ৭ হাজার ৫৩৪টি শো থেকে মাত্র ৯ কোটি রুপি আয় করেছে। এছাড়া আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি তুলে নিয়েছে ৫ কোটি রুপি, যার ফলে বিশ্বব্যাপী এর প্রথম দিনের মোট আয় দাঁড়িয়েছে ১৫.৮০ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহে দর্শকদের গড় উপস্থিতি ছিল ২০.৪০ শতাংশ; যার মধ্যে রাতের শোতে সর্বোচ্চ ৩৪.১৫ শতাংশ দর্শক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এর আগে যশরাজ ফিল্মসের গোয়েন্দা ব্রহ্মাণ্ডের অন্যান্য সিনেমাগুলো প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছিল। শাহরুখ খানের ‘পাঠান’ প্রথম দিনে ৫৭ কোটি, হৃতিক রোশনের ‘ওয়ার ২’ ৫২ কোটি এবং সালমান খানের ‘টাইগার ৩’ ৪৩ কোটি রুপি আয় করে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছিল। সেই তুলনায় ‘আলফা’র এই শুরুকে বেশ হতাশাজনক বলেই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে আলিয়ার সর্বশেষ ছবি ‘জিগরা’র প্রথম দিনের আয় (৪.৫৫ কোটি রুপি) থেকে কিছুটা এগিয়ে রয়েছে নতুন এই ছবি।

মুক্তির আগে থেকেই ‘আলফা’ সিনেমাটি নিয়ে নানা ধরনের সমালোচনা চলছিল। বিশেষ করে অ্যাকশন দৃশ্যে আলিয়ার পারফরম্যান্স নিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য দেখা যায়। এ ছাড়া ছবিটির প্রচারণার জন্য আলিয়া ভাট একটি জনপ্রিয় অনলাইন ‘রোস্ট শো’-তে অংশ নিয়েছিলেন, যেখানে তাকে নিয়ে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়। চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনেকের ধারণা, বক্স অফিসে আলোচনা তৈরি করতে এবং সিনেমার প্রচার বাড়াতে ইচ্ছাকৃতভাবেই এই ‘নেতিবাচক প্রচারণা’ বা নেগেটিভ পাবলিসিটির কৌশল বেছে নিয়েছে আলিয়ার টিম।

সাধারণত বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে বড় বাজেটের অ্যাকশন ঘরানার সিনেমায় পুরুষ তারকাদেরই মূল ভূমিকায় দেখা যায় এবং ভারতীয় দর্শকও পর্দায় পুরুষ অভিনেতাদের অ্যাকশন দেখতেই বেশি অভ্যস্ত। ফলে নারীকেন্দ্রিক এই হাই-ভোল্টেজ অ্যাকশন সিনেমাটি সাধারণ দর্শক কতটা গ্রহণ করবে, তা নিয়ে শুরু থেকেই এক ধরনের সংশয় ছিল। তবে প্রথম সপ্তাহান্তে সিনেমাটি কেমন ব্যবসা করে, এখন সেটাই দেখার বিষয়।