একসময় বলিউডে নিজের কণ্ঠের জাদুতে রাজত্ব করা কিংবদন্তি শিল্পী অলকা ইয়াগনিক অনেক দিন ধরেই গান থেকে দূরে রয়েছেন। প্রায় চার দশকের ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট গান উপহার দেওয়া এই গায়িকার সংগীতযাত্রা ২০২৪ সালে হঠাৎ করেই থেমে যায়। সে সময় তিনি নিজেই জানান, তিনি শ্রবণশক্তি হারিয়েছেন।

জানা যায়, একটি ভাইরাল সংক্রমণের কারণে বিরল স্নায়বিক সমস্যায় আক্রান্ত হন অলকা ইয়াগনিক। এর ফলে তাঁর শ্রবণশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গান গাওয়া বন্ধ রাখতে বাধ্য হন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়িকা জানিয়েছেন, এখনো তাঁর শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি এবং নিয়মিতভাবে গান গাওয়ার মতো অবস্থায় তিনি ফিরতে পারেননি।

তিনি আরও বলেন, বিভিন্ন সুরকার ও গীতিকার এখনো তাঁকে গান গাওয়ার প্রস্তাব দিচ্ছেন। তবে শারীরিক সীমাবদ্ধতার কারণে তিনি সেই আহ্বানে সাড়া দিতে পারছেন না।

২০২৪ সালে দেওয়া এক বিবৃতিতে অলকা জানান, বিমান থেকে নামার পর হঠাৎ করেই তিনি বুঝতে পারেন, কানে কিছুই শুনতে পাচ্ছেন না। পরে চিকিৎসকের পরামর্শে জানা যায়, ভাইরাসজনিত একটি বিরল স্নায়বিক সমস্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

এই খবর প্রকাশ্যে আসার পর ভেঙে পড়েন তাঁর অসংখ্য ভক্ত-অনুরাগী। তবে কঠিন এই সময়েও সচেতনতার বার্তা দিতে ভোলেননি এই গায়িকা। বিশেষ করে তরুণ প্রজন্মকে তিনি উচ্চ শব্দ থেকে দূরে থাকার এবং দীর্ঘ সময় হেডফোন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন।

সম্প্রতি তাঁর জন্মদিনে জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। ভক্তরাও প্রার্থনা করছেন আবার যেন প্রিয় কণ্ঠে গান শোনাতে পারেন এই কিংবদন্তি শিল্পী।