দেশে বিদেশি শিল্পীদের এনে কনসার্ট আয়োজনের ধুম লাগলেও স্থানীয় শিল্পীদের মূল্যায়নে চরম উদাসীনতার অভিযোগ বেশ পুরোনো। বিদেশি শিল্পীদের পেছনে আয়োজকদের কোটি কোটি টাকা ঢালার প্রবণতা নিয়ে এবার কড়া ভাষায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের সাবেক গিটারিস্ট অনি হাসান। দেশের মেধা ও সংগীতাঙ্গনকে সমৃদ্ধ করতে বিদেশি শিল্পীদের পেছনে বিশাল অর্থ অপচয় না করে সেই টাকায় দেশি শিল্পীদের নিয়ে বড় পরিসরে কাজের সুযোগ সৃষ্টির পরামর্শ দিয়েছেন তিনি। 

সম্প্রতি পাকিস্তান ও ভারতের একাধিক শিল্পী ও ব্যান্ডকে বিশাল অঙ্কের বিনিময়ে বাংলাদেশে আনার একাধিক উদ্যোগ দেখা গেছে। দেশের কিছু আয়োজক প্রতিষ্ঠান পাকিস্তানি কয়েক জনপ্রিয় শিল্পীকে নিয়ে কনসার্টের প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়। এমন বাস্তবতায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে অনি প্রশ্ন তোলেন, বিদেশি শিল্পীদের আনতে কোটি কোটি টাকা ব্যয় করা সম্ভব হলেও সেই অর্থ দিয়ে কেন দেশের শিল্পীদের নিয়ে মানসম্মত প্রযোজনা বা বড় আয়োজন করা হচ্ছে না।

ক্ষোভ প্রকাশ করে অনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আয়োজকেরা কোটি কোটি টাকা খরচ করে বিদেশি শিল্পীদের আনতে পারেন। অথচ দেশের মেধাবী শিল্পীরা পর্যাপ্ত শো না পেয়ে ধীরে ধীরে হতাশ ও নিরুৎসাহিত হয়ে পড়ছেন। বাইরের শিল্পীদের এভাবে প্রচার ও সুযোগ দেওয়ায় আমাদের দেশের লাভটা কী?” তিনি আরও উল্লেখ করেন, এই অর্থ যদি দেশীয় শিল্পীদের বড় কনসার্ট বা ভালো প্রযোজনায় বিনিয়োগ করা হতো, তবে দেশীয় মিউজিক ইন্ডাস্ট্রি আরও সমৃদ্ধ ও গতিশীল হতো।