ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পরিচালক অ্যাটলি কুমারের আসন্ন সিনেমা ‘রাকা’। ‘জওয়ান’খ্যাত এই নির্মাতার সঙ্গে প্রথমবারের মতো কাজ করছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও টেকনিশিয়ানদের সমন্বয়ে সিনেমাটি নির্মাণের খবর শোনা যাচ্ছিল। এবার জানা গেল, ‘রাকা’ একক চলচ্চিত্র নয়, বরং দুই পর্বে নির্মিত একটি বিশাল বাজেটের প্রকল্প হতে যাচ্ছে।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুটি পর্ব মিলিয়ে ‘রাকা’র সম্ভাব্য বাজেট ১ হাজার কোটি রুপিরও বেশি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ২৮৭ কোটি টাকা। ফলে এটি ভারত তথা দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
সিনেমাটির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গল্পে দুটি ভিন্ন সময়কাল ও প্রেক্ষাপট দেখানো হবে। একটি অংশ আবর্তিত হবে বৈদিক যুগকে কেন্দ্র করে, অন্য অংশ বর্তমান সময়ের প্রেক্ষাপটে। এই দুই সময়ের গল্প ও চরিত্রের সংযোগ দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সিনেমাটিক অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন। আধুনিক সময়ের গল্পে তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে। অন্যদিকে পৌরাণিক বা বৈদিক যুগের অংশে আল্লুর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর এবং রাশমিকা মান্দানা। এছাড়া বলিউড সুপারস্টার শাহরুখ খানের একটি বিশেষ উপস্থিতি বা ক্যামিও চরিত্রেও দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।
গত ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে ‘রাকা’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে তাকে একেবারে ভিন্ন রূপে দেখা যায়। ন্যাড়া মাথা, মানবসদৃশ মুখমণ্ডল এবং ঘন পশম ও লম্বা নখযুক্ত হাতের কারণে চরিত্রটিকে রহস্যময় ও ভয়ংকর রূপে উপস্থাপন করা হয়েছে। পোস্টার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়ে যায়।
যদিও নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করেননি, তবে বিভিন্ন সূত্রের দাবি, ‘রাকা’ আগামী বছরের ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। বড় বাজেট, তারকাবহুল কাস্ট এবং ব্যতিক্রমী গল্পের কারণে সিনেমাটি ইতোমধ্যেই ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের অন্যতম প্রতীক্ষিত প্রকল্পে পরিণত হয়েছে।