যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘আলফা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত নারীকেন্দ্রিক এই হাই-ভোল্টেজ সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে। বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ের ক্ষেত্রে ছবিটি ১৫ কোটি রুপির মাইলফলক ছাড়িয়ে গেছে।
সিনেমা বাণিজ্য বিশ্লেষক সাইট ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, শুক্রবার (৩ জুলাই) মুক্তি পাওয়া ‘আলফা’ প্রথম দিনে ভারতের বাজারে ৭ হাজার ৫৩৪টি শো থেকে ৯ কোটি রুপি (নেট) আয় করেছে। ভারতের বাজারে ছবিটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১০.৮০ কোটি রুপি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারেও দর্শকদের দারুণ টানতে সক্ষম হয়েছে ছবিটি; ওভারসিস মার্কেট থেকে এটি তুলে নিয়েছে আরও ৫ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনে ‘আলফা’র মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১৫.৮০ কোটি রুপি।
উদ্বোধনী দিনে সিনেমাটির গড় দর্শক উপস্থিতি (অকুপেন্সি রেট) ছিল ২০.৪০ শতাংশ। এর মধ্যে সকালের শোতে ৯.৯২ শতাংশ ও দুপুরের শোতে ১৭.৮৫ শতাংশ উপস্থিতি থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শক সংখ্যা বাড়তে থাকে। সন্ধ্যার শোতে ১৯.৬৯ শতাংশ এবং রাতের শোতে সর্বোচ্চ ৩৪.১৫ শতাংশ দর্শক উপস্থিতি রেকর্ড করা হয়েছে। সপ্তাহান্তের ছুটিতে এই আয়ের গ্রাফ আরও অনেক ওপরে উঠবে বলে আশা করছেন হল মালিক ও বাণিজ্য বিশ্লেষকরা।
স্পাই ইউনিভার্সের এই ৭ম কিস্তিতে আলিয়া ভাটের এন্ট্রি সিন বা পর্দায় আগমনী দৃশ্যটি দর্শকদের সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই আলিয়ার এই রাজকীয় এন্ট্রি নিয়ে ধন্য ধন্য পড়ে গেছে। ‘সীতা’ ওরফে আলফা চরিত্রে আলিয়ার অনবদ্য স্ক্রিন প্রেজেন্স এবং সংলাপ প্রক্ষেপণ প্রেক্ষাগৃহে রীতিমতো ঝড় তুলেছে বলে ভক্তরা দাবি করছেন। এছাড়া ছবিতে সহ-অভিনেত্রী শর্বরীর অ্যাকশন পারফরম্যান্স এবং খলনায়ক চরিত্রে ববি দেওলের অভিনয়ও দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। পাশাপাশি অনিল কাপুরের উপস্থিতি এবং হৃতিক রোশনের ক্যামিও (বিশেষ চরিত্র) সিনেমাটির আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
শিব রাওয়াল পরিচালিত এই সিনেমাটিতে দুই শক্তিশালী নারীর হাতাহাতি যুদ্ধ, রুদ্ধশ্বাস তাড়া করার দৃশ্য এবং নিখুঁত অ্যাকশন কোরিওগ্রাফি ভারতীয় অ্যাকশন ঘরানার চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করেছে।