প্রায় এক দশক আগে শুরু হওয়া একটি আর্থিক জালিয়াতির মামলায় আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। মামলার সূত্রপাত ২০১৭ সালে। মোরাদাবাদের ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা অভিযোগ করেন, একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমিশা প্যাটেল ১৪ লাখ ৫০ হাজার রুপি নিলেও শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত হননি।
অভিযোগে বলা হয়, অনুষ্ঠানে না গিয়ে তিনি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে অতিরিক্ত অর্থ দাবি করেন এবং পরে মুম্বাই ফিরে যান। পরবর্তীতে ১০ লাখ রুপি ফেরত দেওয়া হলেও বাকি সাড়ে ৪ লাখ রুপির জন্য দেওয়া চেকটি বাউন্স করে। পবন ভার্মার দাবি, একাধিকবার প্রতিশ্রুতি দিলেও ওই বকেয়া অর্থ পরিশোধ করা হয়নি।
এ ঘটনায় মোরাদাবাদ আদালত একাধিকবার আমিশা প্যাটেলকে তলব করলেও তিনি হাজির হননি। গত সোমবার নির্ধারিত শুনানিতেও অনুপস্থিত থাকায় আদালত কঠোর পদক্ষেপ হিসেবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ২৭ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ‘গাদার টু’ খ্যাত এই অভিনেত্রী। তার দাবি, ঘটনাটি প্রায় ১৫ বছর আগের এবং তখনই সব পাওনা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মিটিয়ে দেওয়া হয়েছিল। পবন ভার্মা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করেছেন বলেও অভিযোগ করেন তিনি। আমিশা জানান, তার আইনজীবীরা বিষয়টি দেখছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে ফৌজদারি মামলা করার প্রক্রিয়া শুরু হয়েছে।